সুন্দরবনের চার বাওয়ালি অপহরণ আটক ২
সুন্দরবনের শ্যালা ২ নম্বর গোলপাতা কূপে কর্মরত চার শ্রমিককে (বাওয়ালি) মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু বাহিনীর সদস্যরা। গত শুক্রবার দিবাগত রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর নন্দবালা খাল এলাকা থেকে ওই চারজনকে অপহরণ করা হয়।
অপহৃত ব্যক্তিরা হলেন মংলা উপজেলার বৌদ্ধমারী গ্রামের জোমাদ্দার আয়নাল হক এবং সিগন্যাল টাওয়ার এলাকার মিজান শেখ।
চাঁদপাই রেঞ্জের শ্যালা ২ নম্বর গোলপাতা কূপের কূপ কর্মকর্তা কে এন কবীর হোসেন মুঠোফোনে জানান, ১৫ দিন আগে খুলনার পাইকগাছা উপজেলা এলাকা থেকে ছয়-সাতজন বাওয়ালি সুন্দরবনের গোলপাতা সংগ্রহ করতে আসেন। গত শুক্রবার রাতে তাঁরা নৌকায় গোলপাতা তোলার সময় সাত-আটজনের একটি বনদস্যু দল অস্ত্রের মুখে চার বাওয়ালিকে অপহরণ করে। কূপে থাকা অন্য বাওয়ালিদের কাছ থেকে তাঁদের অপহরণের খবর পেয়ে ভোররাতে বনকর্মীরা শ্যালা নদীতে অভিযান শুরু করেন। পরে সুন্দরবন থেকে মংলার জয়মণিঘোল এলাকার দিকে আসার পথে নৌকা থেকে দুই তরুণকে আটক করে বন বিভাগ। পরে তরুণদের নৌকায় তল্লাশি চালিয়ে দুটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন বলেন, ওই দুজন চার শ্রমিককে অপহরণ করার কথা স্বীকার করেছেন। শনিবার সকালে তাঁদের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।