সুন্দরবনের পাশে নদ থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার সিংহড়তলী এলাকার চুনকুড়ি নদ থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। প্রতিদিন ওই স্থান থেকে কয়েক হাজার ফুট বালু তুলে একটি চিংড়ি পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠানের জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নদের দক্ষিণ পাশে বিশ্বখ্যাত শ্বাসমূলীয় বন সুন্দরবন এবং উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভাঙনকবলিত বাঁধ।সরেজমিনে গত বুধবার দেখা যায়, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন-সংলগ্ন চুনকুড়ি নদের সিংহড়তলী এলাকায় একটি ভারী খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। দুটি কার্গোর সহায়তায় ওই বালু দিয়ে পাশের পাউবোর বাঁধের উত্তর পাশে জমি ভরাট করা হচ্ছে।

সিংহড়তলী গ্রামের অমল মালি, বানুদার বিশ্বাস ও আমিনুর রহমান বলেন, নদ থেকে এভাবে বালু উত্তোলন করায় বাঁধের ভেতরে অবস্থিত তাদের ঘরবাড়ি ও চিংড়ি চাষের জমি ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এসব গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সাতক্ষীরা শহরের আবদুল আজিজ নামের ব্যবসায়ী চুনকুড়ি নদের পাড়ে চিংড়ি পোনার হ্যাচারি গড়ে তোলার জন্য নিচু জমি ভরাট করছেন। গত ৩০ ডিসেম্বর থেকে বালু তোলা শুরু হয়েছে।

হরিনগর বাজারের ব্যবসায়ী আওছপাফুর রহমান ও গোলাম আলী বলেন, নদের যে অংশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে, তার পাশে অতীতেও একাধিকবার ভাঙনের ঘটনা ঘটেছে। ভাঙনকবলিত এলাকার একটু দূরে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, তাতে পরে পাউবোর বাঁধ ও সুন্দরবনের স্থলভাগে ভাঙনের আশঙ্কা করছেন তাঁরা।

বালু উত্তোলনকারী আবদুল আজিজের ব্যবস্থাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, শ্যামনগর ইউএনওর কাছ থেকে অনুমতি নিয়ে তাঁরা বালু তুলছেন। ওশান শ্রিম্প হ্যাচারি নামের একটি প্রতিষ্ঠান করবেন বলে আড়াই একর জমি বালু দিয়ে ভরাট করছেন।

শ্যামনগরের ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম গত রোববার বলেন, কাউকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি। কেউ বালু তুললে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবেন।