সুন্দরবনের শেলা নদীতে লঞ্চডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শেলা নদীতে ‘এমভি শাহীদূত’ নামের একটি দোতলা লঞ্চ ডুবে গেছে।

গতকাল সোমবার ভোর চারটার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর তাম্বুলবুনিয়া ও হরিণটানা এলাকার মাঝামাঝি স্থানে লঞ্চটি ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই লঞ্চে অবস্থানরত মাস্টারসহ ১২ জন নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে সক্ষম হন।

লঞ্চটি খুলনার ‘সুন্দরবন হলি ডেজ’ নামের একটি ট্যুরিজম প্রতিষ্ঠান পর্যটকদের জন্য ভাড়া করেছিল। গতকাল সকালে প্রতিষ্ঠানটির পরিচালক রফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে ওই লঞ্চটি খুলনার উদ্দেশে রওনা হয়। রোববার রাতে লঞ্চটি সুন্দরবনের শেলা নদীর তাম্বুলবুনিয়া ও হরিণটানা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছার পর ভাটার কারণে লঞ্চটির সামনের অংশ একটি চরে আটকে যায়।

গতকাল ভোরে জোয়ারের সময় লঞ্চের মাস্টার শিমুল লঞ্চটিকে নদীতে নামানোর চেষ্টা করেন। এ সময় কাত হয়ে লঞ্চটি পানিতে তলিয়ে যায়। তখন মাস্টারসহ ১২ জন নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমাদের বনবিলাস নামের অপর একটি লঞ্চ সেখানে গিয়ে নাবিকসহ ১২ জনকে উদ্ধার করে। আমরা ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ তিনি জানান, তাঁরা পর্যটকদের জন্য ঢাকার শামীম হাসান নামের এক ব্যক্তির কাছ থেকে তিন মাসের চুক্তিতে ওই লঞ্চটি ভাড়া করেন। লঞ্চটির আসনসংখ্যা ৮০।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী বলেন, লঞ্চটিতে কোনো পর্যটক ছিল না। ওই ট্যুরিজম প্রতিষ্ঠানটি ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।