কুষ্টিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) পরিত্যক্ত হলের ছাদ থেকে ফ্যান খসে শিক্ষক আহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবারও শিক্ষকেরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট রবীন্দ্র নাথ সরকারের পদত্যাগ দাবি করেন।
ইনস্টিটিউটের পরিত্যক্ত মীর মশাররফ হোসেন হলে ফ্যান খসে গত রোববার শিক্ষক তারিকুল ইসলাম গুরুতর আহত হন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মিরপুর উপজেলার আটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ঘটনার প্রতিবাদে সোমবার আহত শিক্ষকের সহকর্মীরা পিটিআইয়ের সব ক্লাস বর্জন করেন। তাঁরা সেখানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। বিকেলে সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে ১২টি অভিযোগ এনে ১৬৭ জন শিক্ষকের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন। গতকাল সকাল ১০টা থেকে শিক্ষকেরা পিটিআই চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁরা সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা বলেন, ‘সুপার হটাও, পিটিআই বাঁচাও’, ‘গুরুতর আহত তারিকুলের চিকিৎসার ব্যয় সুপারকেই নিতে হবে’, ‘মহিলা হোস্টেলে সুপারের থাকা চলবে না’। এ ছাড়া বিভিন্ন সময়ে ক্রীড়া অনুষ্ঠানের ব্যয় নিয়েও অভিযোগ তোলেন শিক্ষকেরা। বেলা ১১টার দিকে পরিত্যক্ত মীর মশাররফ হোসেন হলের সামনে সুপারিনটেনডেন্টের কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।
খবর পেয়ে সেখানে যান কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তিনি শিক্ষকদের শান্ত করার চেষ্টা করেন। আতাউর রহমান শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘এমনভাবে প্রতিবাদ করবেন না, যাতে কুষ্টিয়ার সুনাম নষ্ট হয়। আপনাদের পাশেই স্থানীয় সাংসদ মাহবুব উল আলম হানিফের বাসা। তিনি বাসায় আছেন। সন্ধ্যায় তাঁর সঙ্গে দেখা করেন। সব দাবি তাঁকে জানান। আশা করা যায়, বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।’
এদিকে বেলা ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান পিটিআই চত্বরে সুপারিনটেনডেন্টের সঙ্গে দেখা করেন। হাবিবুর রহমান বলেন, এখনই নতুন ভবন করে দেওয়া সম্ভব নয়। বিষয়টি নিয়ে কী করা যায়, তা জেলা প্রশাসক ভেবে দেখছেন। আর সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুপারিনটেনডেন্ট রবীন্দ্র নাথ সরকার বলেন, ‘সরকারি বাসভবনে আমি নিরাপত্তাহীনতায় ভোগী। মেয়েদের হোস্টেলে থাকতে নিরাপত্তাবোধ হয়। সরকারি বাসভবনে যে দুজন কর্মকর্তা আছেন, তাঁরা অবৈধভাবে আছেন। তাঁদের নেমে যেতে বলা হয়েছে। আমার বিরুদ্ধে শিক্ষকেরা যেসব অভিযোগ এনে পদত্যাগের দাবি জানিয়েছেন, তা সঠিক নয়।’