সুপারের বিরুদ্ধে প্রবেশপত্র আটকে রাখার অভিযোগ
বিদায় অনুষ্ঠানের চাঁদা পরিশোধ না করায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার চপই দাখিল মাদ্রাসার সুপার এক পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে গতকাল সোমবার পরীক্ষা শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে প্রবেশপত্র দেওয়া হয়।
হয়রানির শিকার ওই পরীক্ষার্থীর নাম রহিমা আক্তার। সে বলে, ছয় দিন আগে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার জন্য সে মাদ্রাসায় যায়। এ জন্য তার কাছে ৭০০ টাকা দাবি করা হয়। এর মধ্যে ৪০০ টাকা বিদায় অনুষ্ঠানের চাঁদা ও ৩০০ টাকা কেন্দ্র ফি। অসুস্থতার কারণে সে বিদায় অনুষ্ঠানে উপস্থিত না থাকার কথা জানিয়ে ৩০০ টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহের চেষ্টা করে ব্যর্থ হয়। রহিমার বাবা কামাল উদ্দিন গত রোববার রাতে ঘটনাটি সাংবাদিকদের জানান। সে রাতে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, কেউ প্রবেশপত্র নিতে না এলে তাঁর পক্ষে বাড়িতে গিয়ে তা পৌঁছে দেওয়া সম্ভব নয়। পরে সাংবাদিকেরা ঘটনাটি ইউএনও মোহাম্মাদ শাহানুল আলমকে জানালে তিনি মাদ্রাসার সুপারকে রাতের মধ্যে ছাত্রীর হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। গতকাল পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়।
সুপার হারুন অর রশিদ গতকাল বলেন, তিনি টাকার জন্য কারও প্রবেশপত্র আটকে রাখেননি। এটা অপপ্রচার। প্রবেশপত্র কেউ না নিয়ে গেলে তিনি কী করবেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই মাদ্রাসার আরেক পরীক্ষার্থী বলে, তারও প্রবেশপত্র আটকে রাখা হয়েছিল। ঢাকায় কর্মরত এক আত্মীয়কে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা আনা হয়। পরে সে টাকা পরিশোধ করে প্রবেশপত্র জোগাড় করতে হয়েছে।
অপর এক পরীক্ষার্থীর অভিভাবক মজনু মিয়া বলেন, তিনি কেন্দ্র ফি ৩০০ টাকা পরিশোধ করে মেয়ের প্রবেশপত্র এনেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ছয়জন পরীক্ষার্থী বলে, মাদ্রাসার ৩৭ জন পরীক্ষার্থীর প্রায় সবাইকেই ৭০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়েছে। ওই টাকা দিতে না পারায় রহিমাকে প্রবেশপত্র দেওয়া হয়নি। এতে রহিমা মানসিকভাবে ভেঙে পড়ে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি চিনু মিয়া বলেন, টাকার জন্য কারও প্রবেশপত্র আটকে রাখা ঠিক হয়নি। তিনি বিষয়টি দেখবেন।