সুপ্রিম কোর্টে বইয়ের ভেতর বোমাসদৃশ বস্তু

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের ১৭ নম্বর কক্ষে বোমাসদৃশ আরও দুটি বস্তু পাওয়া গেছে। এর আগে বেলা পৌনে দুইটার দিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৯ নম্বর কক্ষে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গিয়েছিল।
আইনজীবী মাসুদ হোসেন দোলন প্রথম আলোকে জানান, বিকেল সোয়া চারটার পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি ওই কক্ষে একটি বই পড়ে থাকতে দেখেন। এরপর তিনি বইটি নাড়াচাড়া করতে গিয়ে ভেতরে বোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান।
এর আগে বেলা পৌনে দুইটার দিকে আদালতে নিয়োজিত বেঞ্চ অফিসার আবদুল হাসিব খান অন্য বোমাটি দেখতে পেয়েছিলেন। তিনি জানান, বেলা পৌনে দুইটার দিকে আদালতকক্ষে ঢুকলে কাউকে তিনি বলতে শুনেছেন, ‘কে যেন একটা বই রেখে গেল।’ তিনি গিয়ে দেখেন ‘মাইনর অ্যাক্টস’ নামে একটি বই আদালতে আইনজীবীদের বসার আসনের ওপর পড়ে রয়েছে। তিনি পৃষ্ঠা উল্টিয়ে বইয়ের ভেতরের পাতা কেটে সেখানে জর্দার কৌটা আকৃতির একটি লাল বস্তু বসানো দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার সাইদুর রহমান প্রথম আলোকে জানান, হাইকোর্টে পাওয়া বোমাসদৃশ বস্তুগুলো ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সিরয়ে নিয়েছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।