সুফল আটকে আছে 'সংযোগ সড়কে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরেও পাঁচ কিলোমিটার সংযোগ সড়কের সম্প্রসারণকাজ শেষ না হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতু এবং বহদ্দারহাট উড়ালসড়কের পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। দুটি স্থাপনার মধ্যে সংযোগ রক্ষা করা দুই লেনের সড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ শুরু করার পর তা থমকে যায়। যানবাহনের চাপে এই সড়কে যানজট বেড়েছে। আবার নতুন প্রকল্প প্রস্তাবে সড়ক সম্প্রসারণের ব্যয় বেড়ে দ্বিগুণ হয়েছে।
কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলার সঙ্গে চট্টগ্রামসহ দেশের মূল ভূখণ্ডের যোগাযোগব্যবস্থা সহজ করতে নির্মাণ করা হয় শাহ আমানত সেতু (তৃতীয় কর্ণফুলী সেতু)। ২০১০ সালে সেতুটির উদ্বোধন করা হয়। সেতুর পাঁচ কিলোমিটার উত্তরে বহদ্দারহাটে নির্মাণ করা হয় উড়ালসড়ক। গত বছর এটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
কিন্তু সংযোগ সড়কে যানজটের কারণে সেতু এবং উড়ালসড়কের সুফল পুরোপুরি মিলছে না—বলছেন নগর পরিকল্পনাবিদসহ পরিবহনমালিক ও শ্রমিকেরা।
জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন প্রথম আলোকে বলেন, সরকার অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু কার জন্য এবং কেন এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, তা কি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানেন? কর্ণফুলী তৃতীয় সেতু ও বহদ্দারহাট উড়ালসেতু চালু করা হয়েছে। এই দুটি বড় প্রকল্পের মাঝখানে অ্যাপ্রোচ (সংযোগ) সড়ক সম্প্রসারণ না করার কারণে নাগরিকেরা সেতু এবং উড়ালসড়কের সুফল পাচ্ছেন না।
জেরিনা হোসেন বলেন, ‘আসলে পরিকল্পনার অভাব এবং খাপছাড়াভাবে প্রকল্প বাস্তবায়ন করলে এমনই হয়। আমরাও এসব নিয়ে অনেক বলেছি, পরামর্শ দিয়েছি। কিন্তু তাঁরা তো আমাদের কথা শোনেন না।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, প্রথম প্রকল্প প্রস্তাবে সংযোগ সড়কের সম্প্রসারণ ব্যয় ধরা হয় ১৫২ কোটি টাকা। সংশোধিত প্রকল্প প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩০৪ কোটি টাকায়। এর মধ্যে জমি অধিগ্রহণ, সড়ক সম্প্রসারণ, সেতু-কালভার্ট ও আন্ডারপাস নির্মাণ করা হবে।
সওজের প্রকৌশলীরা জানান, কর্ণফুলী সেতু-বহদ্দারহাট সংযোগ সড়কটি দুই লেন থেকে ছয় লেনে উন্নীত করতে ২০০৯ সালে ১৫২ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। ২০১০ সালে কাজ শুরু হয়। কিন্তু চার বছরে পাওয়া যায় ১১ কোটি টাকা। ওই টাকায় সংযোগ সড়কে তিনটি ছোট আকারের সেতু ও আটটি কালভার্টের পাইলিংয়ের কাজ করা হয়েছে।
পরিবহনমালিক ও সওজের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর ওপর দিয়ে প্রতিদিন গড়ে ছোট-বড় ১২ হাজার গাড়ি চলাচল করে। এর ৮০ শতাংশ সংযোগ সড়ক হয়েই সেতুতে ওঠে।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, সেতু পার হয়ে চট্টগ্রাম নগরের দিকে গাড়ি ঢোকার পরই যানজটে পড়তে হয়। পাঁচ কিলোমিটার সংযোগ সড়কের সম্প্রসারণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ভোগান্তি কমবে না।
পরিবহনশ্রমিকেরা জানান, সেতু থেকে বহদ্দারহাট পর্যন্ত বিভিন্ন বাজার ও মোড়ে যানজট লেগে থাকে। বিশেষ করে কালামিয়ার বাজার, রাজাখালী মোড়, রাহাত্তারপুল ও চান্দগাঁও থানা ভবনের সামনে যানজট বেশি হয়।
সংশোধিত প্রকল্পের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, প্রথম প্রকল্প অনুমোদন হয়েছিল তখনকার বাজারদরে। এখন প্রকল্পের আকারও কিছুটা বেড়েছে। তাই সংশোধিত প্রকল্পের ব্যয় দ্বিগুণ হয়ে ৩০৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।
সওজের প্রকৌশলীরা জানান, সেতু নির্মাণের সঙ্গেই সড়ক সম্প্রসারণকাজ শুরু করা উচিত ছিল। কুয়েতের অর্থে সেতুটি নির্মাণ করা হয়। সেতু নির্মাণে খরচ হয়েছিল ৩৪৭ কোটি টাকা। তখন ১৩৬ কোটি টাকা উদ্বৃত্ত ছিল। কিন্তু দীর্ঘসূত্রতার কারণে সড়কের সম্প্রসারণ কাজ পিছিয়ে যায়। পরে সেতু থেকে মইজ্জারটেক পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি দুই লেন থেকে চার লেন করার সিদ্ধান্ত হয়। যে কারণে প্রকল্পটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আসলে কুয়েত ফান্ড ব্যবহার নিয়ে জটিলতা ছিল। এ কারণে প্রকল্প বাস্তবায়নের কাজ পিছিয়ে যায়। কুয়েত সরকার তাঁদের অনুদানের টাকা সংযোগ সড়ক সম্প্রসারণের জন্য ব্যয় করার অনুমতি দিয়েছে। এ জন্য প্রকল্পের আকারও বড় করা হয়েছে। সংশোধিত প্রকল্প বাস্তবায়নে আর কোনো সমস্যা নেই।’
সওজ সূত্র জানায়, সড়ক বিভাজকসহ সংযোগ সড়কটি (নগরের দিকে) ছয় লেন অর্থাৎ ২৭ মিটার চওড়া হবে। দুই পাশের চার লেন দিয়ে দ্রুতগামী যান চলাচল করবে। নর্দমা লাগোয়া বাকি দুটি লেনে ধীরগতির গাড়ি চলাচল করবে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, বহদ্দারহাট-কর্ণফুলী সংযোগ সড়ক (কর্ণফুলী থেকে নগরের দিকে বহদ্দারহাট পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং সেতু পার হওয়ার পর কক্সবাজারের দিকে মইজ্জারটেক পর্যন্ত তিন কিলোমিটার) সম্প্রসারণ প্রকল্পের জন্য ২ দশমিক ৪৬ একর জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে।