সুবর্ণচরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, ডাকাত দাবি এলাকাবাসীর
নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরজব্বার ইউনিয়নের ছেউয়াখালী চৌরাস্তা এলাকায় গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। নিহত আবদুল কাদের ওরফে মাস্টারের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
আবদুল কাদের চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামের বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, আবদুল কাদের ডাকাত দলের সদস্য। গতকাল সকাল আটটার দিকে কাদের ছেউয়াখালী চৌরাস্তা এলাকার রহমত উল্লার বাড়িতে অবস্থান করছে—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাড়ি ঘেরাও করেন। পরে সেখান থেকে তাকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চর জব্বার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিক উল্লা জানান, কাদের দীর্ঘদিন চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িত। স্থানীয় লোকজন তাঁকে ধরে গণপিটুনি দেয়।
গতকাল বিকেল পর্যন্ত হাসপাতালে নিহত ব্যক্তির স্বজনেরা লাশ নিতে আসেনি।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির জানান, কাদেরের বিরুদ্ধে আদালতে মারামারির মামলা ছিল। এ ছাড়া লক্ষ্মীপুরের রামগতি থানায় তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।