সুবর্ণচরে গরুচোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুচোর সন্দেহে নোয়াখালীর সুবর্ণচরে চার ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে এলাকাবাসী। একই ঘটনায় আরও দুজনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটায় এবং গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার চর জুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও পুড়িয়ে দেয়।

নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। তাঁর নাম জাকির হোসেন (২৬)। তিনি সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত দুজনের নাম মো. হেলাল (২২) ও জাহাঙ্গীর আলম (৪০)। তাঁরা দুজনই চর জুবলী ইউনিয়নের বাসিন্দা। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, চারজনের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গণপিটুনির বিষয়ে ওসি নিজাম উদ্দিনের ভাষ্য, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি পিকআপ ভ্যানে করে ছয়-সাতজন লোক চর জুবলীর উত্তর কচ্ছপিয়া গ্রামে যান। এ সময় লোকজন গরুচোর সন্দেহে চারদিক থেকে তাঁদের ঘেরাও করে। তখন পিকআপ ফেলে ওই লোকেরা পালানোর চেষ্টা করেন। এর মধ্যে তিনজনকে ধরে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। এর কিছুক্ষণ পর গ্রামের একটি কাছারিঘরে লুকিয়ে থাকা আরও এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়। এর ঘণ্টাখানেক পর গতকাল ভোরে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দেয় স্থানীয় লোকজন। তাঁদের আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।

চর জুবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী বলেন, তাঁর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কিছুদিন ধরে গরু চুরির ঘটনা ঘটেছে। চোরাই গরু পিকআপ ভ্যানে করে নিয়ে যেত একটি চক্র। এই কারণে লোকজন গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করেন, যাতে গরুচোরদের ধরা যায়। গভীর রাতে গ্রামে পিকআপ ভ্যান ঢোকায় লোকজন তাঁদের গরুচোর বলে ধাওয়া করেন। এর পর গণপিটুনি দেওয়া হয়।

তিন দিন আগেও চর জুবলী ইউনিয়ন থেকে সাতটি এবং চরজব্বার ইউনিয়ন থেকে পাঁচটি গরু চুরি হয় বলে জানান স্থানীয় এক স্কুলশিক্ষক। নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, বুধবার রাত আড়াইটার দিকে চর জুবলীর সোয়েটার কারখানার পাশে সোনাপুর-স্টিমারঘাট সড়ক থেকে শাখা সড়কের দিকে একটি পিকআপ ভ্যান ঢুকতে দেখা যায়। এ সময় সেখানে পাহারারত লোকজন ঘটনাটি মুঠোফোনে গ্রামের ভেতরে পাহারায় থাকা লোকজনকে জানান। পিকআপ ভ্যানটিকে আটকাতে উত্তর কচ্ছপিয়া গ্রামের জব্বর আলী পণ্ডিতের দোকানের সামনের কালভার্টের ওপর লোকজন গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করেন। সেখানে বাধা পেয়ে পিকআপে থাকা গরুচোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

সুবর্ণচরের চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন বলেন, সম্প্রতি গরু চুরির দু-একটি ঘটনা শোনা গেলেও থানায় কেউ এ নিয়ে অভিযোগ করেননি। বুধবার রাতে গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা করা হবে।

এদিকে গণপিটুনিতে নিহত জাকির হোসেনের লাশ তাঁর পরিবার নিতে রাজি হয়নি বলে জানান চর আমানউল্যাহ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সিদ্দিক। তিনি প্রথম আলোকে বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর তিনি পুলিশের পরামর্শে জাকিরের বাবা আবুল হোসেনের সঙ্গে কথা বলেন। কিন্তু জাকিরের বাবা ছেলের অপকর্মের কারণে লাশ নিতে অস্বীকৃতি জানান। ইউপি সদস্য মো. সিদ্দিক বলেন, এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড ও নোয়াখালীর হাতিয়ায় দুবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন জাকির।