সুবর্ণচরে ডাকাতির চেষ্টা দুজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির চেষ্টার অভিযোগে দুই ভাইকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের হাজি ইদ্রিস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চরজব্বার থানা-পুলিশ জানায়, শুক্রবার রাতে বেলাল বাহিনী হাজি ইদ্রিস বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও বেলাল ও তার ভাই কামাল জনতার হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ জনতা দুজনকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নয়টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়। আহত দুই ভাইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির জানান, বেলালের বিরুদ্ধে চরজব্বার থানায় হত্যা, ডাকাতি ও দস্যুতার অভিযোগে নয়টি ও কামালের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। ডাকাতির চেষ্টা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে আরও দুটি মামলা করা হয়েছে।