সুবর্ণচরে নারীসহ দুজনকে পিটিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট বাজারে দুর্বৃত্তদের হামলায় এক নারীসহ দুজন আহত হয়েছেন। গত শনিবার রাতে তাঁদের দুজনকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। আহত দুজন হলেন চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য আলেয়া বেগম (৪০) ও ব্যবসায়ী আবদুর রহিম (৪০)। হামলার সময় আবদুর রহিমের ডেকোরেটরের দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
আহত দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলেয়া বেগম প্রথম আলোকে বলেন, ভূঁইয়ারহাট বাজারের দক্ষিণ পাশে তাঁদের জায়গায় কয়েক দিন আগে অবৈধভাবে ঘর নির্মাণ শুরু করে কয়েক ব্যক্তি। তিনি এ ঘটনার প্রতিবাদ জানালে অবৈধ দখলদারেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়। তিনি অভিযোগ করেন, শনিবার রাত নয়টার দিকে ভূঁইয়ারহাট বাজারের আবদুর রহিমের ডেকোরেটরে গেলে সাত-আটজন দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে রহিমকেও পিটিয়ে আহত করা হয়।
সুবর্ণচরের চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পর শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।