সুবর্ণচরে সড়কের পাশের ২০টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের শিবচরণ সড়কের দুপাশ থেকে গত মঙ্গলবার গভীর রাতে সামাজিক বনায়নের ২০টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
গত বুধবার সরেজমিনে তোতা মিয়ার বাজার থেকে কয়েক গজ পশ্চিমে সড়কের পশ্চিম চরবাটা গ্রাম অংশে কেটে নেওয়া ২০টি গাছের গোড়া দেখা যায়। কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে, মেহগনি ও কড়ই।
স্থানীয় বাসিন্দারা বলেন, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা গাছগুলো কেটে নেয়। বন বিভাগের লোকজন বুধবার সকালে বিভিন্ন স্থান থেকে গাছের ২১টি খণ্ড উদ্ধার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিম চরবাটা গ্রামের এক নারী বলেন, গাছ কাটার সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। কিন্তু ভয়ে কেউ মুখ খুলছেন না।
আবদুল মালেক নামে একজন উপকারভোগী বলেন, উপকারভোগীরা পাহারা দিয়ে সামাজিক বনায়নের গাছ বড় করেন। কিন্তু পরে দুর্বৃত্তরা কেটে নিয়ে যায়।
তোতা মিয়ার বাজার এলাকার বাসিন্দা মো. জহির বলেন, দু-তিন বছর ধরে এই এলাকায় রাতের অন্ধকারে গাছ কেটে নেওয়া হচ্ছে। তোতারবাজার-ভূঁইয়ারহাট সড়কের পাশ থেকে এ পর্যন্ত শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে।
বন বিভাগের হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নুরুল ইসলাম পাটোয়ারি প্রথম আলোকে বলেন, ২০টি নয়, ১২টি গাছ কেটেছে দুর্বৃত্তরা। কেটে নেওয়া গাছের ২১টি গুঁড়ি উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে বন কর্মকর্তা বলেন, গাছ কাটার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পর এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।