সুবর্ণর ৭০ শতাংশ টিকিট কালোবাজারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের ৭০ শতাংশ যাত্রীই টিকিট কেনেন কালোবাজার থেকে। মাত্র ২৭ শতাংশ যাত্রী কাউন্টার থেকে পেয়ে থাকেন। বাকি ৩ শতাংশ যাত্রী ঊর্ধ্বতন রেল কর্মকর্তা-কর্মচারী, রেলওয়ে পুলিশ, আমলা, সাংসদ-মন্ত্রীর তদবিরের মাধ্যমে টিকিট পেয়ে থাকেন। 

যাত্রীসেবা নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক জরিপে এই চিত্র উঠে এসেছে বলে উল্লেখ করা হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির রেলপথ বিষয়ক উপকমিটির সদস্যরা গতকাল বৃহস্পতিবার সুবর্ণ এক্সপ্রেসের ৩০০ জন যাত্রীর ওপর এই জরিপটি পরিচালনা করেন।

বর্তমানে যে পদ্ধতিতে টিকিট ইস্যু করা হয় তা অত্যন্ত জটিল ও কঠিন প্রক্রিয়া বলে মনে করেন ট্রেনের ৮৮ শতাংশ যাত্রী। ৯৪ শতাংশ যাত্রী মনে করে বর্তমানে যে প্রক্রিয়ায় টিকিট ইস্যু করা হয় তাতে সংস্কার আনা প্রয়োজন।

এই অবস্থার মধ্যে কাল শনিবার থেকে সবগুলো রুটেই বাড়ছে ট্রেনের ভাড়া। রুট ভেদে যাত্রী পরিবহন ভাড়া বাড়ানো হচ্ছে ৭ থেকে ৯ শতাংশ। একই হারে বেড়েছে রেলপথে কনটেইনার পরিবহন ভাড়াও। পাশাপাশি রেলে ভ্রমণের ন্যূনতম ভাড়াও বাড়ানো হয়েছে। বর্ধিত ভাড়ার টিকিট এরই মধ্যে বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে ২০ বছর পর ২০১২ সালের অক্টোবরে বাড়ানো হয় রেলের ভাড়া। এর তিন বছরের মাথায় আবার ভাড়া বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়। তবে লোকসান কমানোর জন্য এখন থেকে প্রতিবছর ভাড়া বাড়ানোর শর্ত দেয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ঋণের শর্তের কারণে এখন থেকে বছরের শুরুর দিকে ট্রেনের ভাড়া বাড়ানো হবে। ঢাকা-চট্টগ্রাম রুটে শোভন শ্রেণির ভাড়া ২৬৫ থেকে বেড়ে হবে ২৮৫ টাকা, শোভন চেয়ার ৩২০ থেকে ৩৪৫, এসি চেয়ার ৬১০ থেকে ৬৫৬, এসি সিট ৭৩১ থেকে ৭৮৮ ও এসি বার্থ ১ হাজার ৯৩ থেকে ১ হাজার ১৮৯ টাকা হবে। অর্থাৎ ভাড়া বাড়ছে সাড়ে ৭ থেকে ৯ শতাংশ। অন্যান্য রুটেও প্রায় একই হারে ভাড়া বাড়ছে।

১৫ শতাংশ যাত্রী বর্তমান জীবনযাত্রার মানের সঙ্গে সংগতি রেখে ভাড়া বাড়ানো উচিত বলে মনে করলেও ৮৫ শতাংশ যাত্রী সেবার মান না বাড়িয়ে ভাড়া বাড়ানোকে অযৌক্তিক বলে মনে করে। এ সব যাত্রী ট্রেনে ছারপোকা, তেলাপোকা, অপরিচ্ছন্নতা, টিকিটবিহীন যাত্রী তোলা, ভাঙা আসন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ট্রেন সেবার মান বাড়ানোর ওপর জোর দেন।

এ ছাড়া যাত্রীসেবায় জড়িত বুকিং সহকারী, অনুসন্ধান কর্মকর্তা, স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, ট্রেনের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের আচার-আচরণে সন্তুষ্ট নন ৬৫ শতাংশ যাত্রী। ৫ শতাংশ যাত্রী মোটামুটি সন্তুষ্ট।

জানতে চাইলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১২ সালে রেলে ভাড়া বাড়ানোর সময় কর্তৃপক্ষ সেবার মান বাড়ানোর যে অঙ্গীকার করেছিল তা এখনো বাস্তবায়ন করেনি। এর মধ্যে আবার এ ধরনের জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার। বছর বছর ভাড়া বৃদ্ধি করে সড়কপথের বাস ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। রেল খাতের অব্যবস্থাপনা ও লুটপাট বন্ধ করা না হলে ভাড়া বৃদ্ধির সুফল আসবে না।