বন বিভাগের হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জে সামাজিক বনায়ন প্রকল্পে সুবিধাভোগী নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী গত সেপ্টেম্বরের শুরুতে রেঞ্জ কর্মকর্তা আবদুল মোমেন ভূইয়ার বিরুদ্ধে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্নীতি দমন কমিশন, বন মন্ত্রণালয়, প্রধান বন সংরক্ষকসহ আটটি সরকারি দপ্তরে দেওয়া হয়েছে। গত মাসের শেষের দিকে বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে বন বিভাগ।
নাম প্রকাশ না করার শর্তে বিভাগীয় বন বিভাগের কার্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা আবদুল মোমেন ভূইয়ার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়েছে। হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক এ জি এম হাসিবুর রহমান তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে সুবিধাভোগী নিয়োগে সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪-এর ৬ (২) লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ মিলেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের সদর দপ্তরে ২১ সেপ্টেম্বর চিঠি দেওয়া হয়েছে।
সিলেট বন বিভাগ সূত্রে জানা যায়, রঘুনন্দন রেঞ্জ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত। এ রেঞ্জের শাহপুর ও শালটিলা বিটের ২৪৭ একর ভূমিতে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ২০১৪-১৫ সালে সৃজিত বাগানের জন্য ২৪৭ জন সুবিধাভোগী নিয়োগ দেওয়া হয়। সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪-এর ৬ (২) অনুযায়ী, বনের এক কিলোমিটারের ভেতর বসবাসকারী আগ্রহীরা সুবিধাভোগী মনোনীত হবেন। প্রকল্পের সব গাছ উপযুক্ত হওয়ার পর নীতিমালা অনুসারে তা বিক্রি হবে। অর্থের ৪৫ শতাংশ পাবেন সুবিধাভোগীরা, ৪৫ শতাংশ সরকারের তহবিলে জমা হবে। ১০ শতাংশ অর্থ জমা থাকবে পরবর্তী বাগানের জন্য।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত ২৪৭ জন সুবিধাভোগীর মধ্যে ৮৮ জন চুনারুঘাট উপজেলার অধিবাসী। বাকি ১৫৯ জন হবিগঞ্জ সদর, মাধবপুর ও বাহুবলের। রেঞ্জ কর্মকর্তা আবদুল মোমেন ভূইয়া ২৪৭ জনের মধ্যে ২৪০ জনকে নিয়োগ দিয়েছেন আর্থিক সুবিধা নিয়ে। তিনি দুই শ্যালক নাজিম উদ্দিন তালুকদার, বাছেত মিয়া তালুকদার, বাছেতের স্ত্রী নাছিমা আক্তারসহ পাচঁজন আত্মীয়কে সুবিধাভোগী করেছেন। এঁদের কাছ থেকে কোনো টাকা নেননি। অন্যদের কাছ থেকে বন কর্মকর্তা আবদুল মোমেন ১৪ হাজার টাকা করে মোট ৩৩ লাখ ৬০ হাজার টাকা নিয়েছেন।
বনের জায়গিরদার জয়দেব মুড়া ও পরেশ মুড়া অভিযোগ করেন, তাঁরা প্রায় দেড় শতাধিক লোক দীর্ঘদিন ধরে বনে কাজ করে আসছেন। তাঁদের অগ্রাধিকার না দিয়ে ওই বন কর্মকর্তা অর্থের বিনিময়ে ভিন্ন উপজেলার লোকজনদের সুবিধাভোগী করেছেন। তালিকা করার সময় আবদুল মোমেন ভূইয়া জনপ্রতি ১৪ হাজার টাকা নেন। তাঁরা টাকা দেননি বলে তাঁদের বঞ্চিত করা হয়।
অর্থ নিয়ে নিয়োগের অভিযোগ অস্বীকার করে রঘুনন্দন রেঞ্জের বন কর্মকর্তা আবদুল মোমেন ভূইয়া বলেন, ‘ভুলত্রুটি থাকতে পারে। তবে অনিয়ম হয়নি। কারণ আমার বিরুদ্ধে তিনবার তদন্ত হয়েছে। তাতে দুর্নীতি প্রমাণ হয়নি।’ এ ব্যাপারে কথা বলতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।