যাত্রীবেশে তারা নগরের সড়কগুলোতে ঘুরে বেড়ায়। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি রিকশায়। বিশেষ করে নির্জন জায়গাগুলোতে। আর সুযোগ পেলেই পথচারী কিংবা রিকশাযাত্রীর কাছ থেকে টান দিয়ে ছিনিয়ে নেয় ভ্যানিটি ব্যাগ কিংবা মুঠোফোন।
ওরা ছিনতাইকারী। নগরবাসীর আতঙ্ক ‘টানা পার্টির’ সদস্য। রমজানের শুরু থেকে এই পার্টির প্রায় ৫০ সদস্য তৎপর বন্দরনগরে।
পুলিশ সূত্র জানায়, গত ২৫ দিনে নগরে প্রায় ১২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশি ঝামেলা এড়াতে ভুক্তভোগীরা থানায় মামলা করেন না। তাই মামলা হয়েছে মাত্র ১১টি। গ্রেপ্তার হয়েছে ১৫ জন। পলাতক রয়েছে মো. শাহজাহান, মো. ভুট্টো, মো. ফরিদ, মো. জলিলসহ অনেকে।
পটিয়া থেকে ঈদের কেনাকাটা করতে এসে শিরিন ১৩ জুন ছিনতাইকারীদের খপ্পরে পড়ে গুরুতর আহত হন। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন। শিরিনের মৃত্যুর পর পুলিশ নড়েচড়ে বসলেও বেশির ভাগ ছিনতাইয়ের ঘটনায় মামলা না হওয়ায় ধরাছোঁয়ার বাইরে থাকে জড়িত ব্যক্তিরা। উদ্ধার হয় না ছিনতাই হয়ে যাওয়া মালামালও।
১৭ জুন নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় আরেফিন নগর গেটে ছিনতাইয়ের শিকার হন পোশাক কারখানার কর্মকর্তা হযরত আলী। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তিনি এ ঘটনায় থানায় মামলা করেননি। তাঁর স্ত্রী মুক্তা বেগম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ঝামেলার কারণে মামলা করতে তাঁরা থানায় যাননি।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন বলেন, ৫ জুন দুপুরে সাউথইস্ট ব্যাংক অক্সিজেন শাখা থেকে ১ লাখ ৯৯ হাজার টাকা তুলে অফিসে ফেরার সময় পোশাক কারখানার কর্মকর্তা রুবেল দের কাছ থেকে ছিনতাইকারীরা টাকা ছিনিয়ে নেয়। ৯ জুন রাতে ছিনতাইকারী মো. রাজুকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই করা ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ‘টানা পার্টির’ সদস্যরা নগরের টাইগারপাস, সিআরবি মোড়, সার্সন রোড, জামালখান, আসকার দীঘি, ডিসি হিলসহ নগরের নির্জন রাস্তায় ঘুরে বেড়ায়। যেখান থেকে সহজেই পালিয়ে যাওয়া যায়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত এবং ভোরে তাঁরা রাস্তায় বের হন। রিকশা কিংবা হেঁটে কেউ যাচ্ছেন লক্ষ্য করে তাঁর পিছু নেন। পাশে গিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই টান দিয়ে ভ্যানিটি ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়ে আশপাশের অলিগলিতে ঢুকে পড়ে। এসব ছিনতাইয়ের সঙ্গে জড়িত বেশির ভাগই ধরাছোঁয়ার বাইরে থাকছেন। গত ২৫ দিনে পুলিশ ১৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকায় জাহেদুল ইসলাম নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তিনি পুলিশ পরিচয়ে আমির হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রমজান শুরুর পর থেকে ২৫ দিনে নগরে শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঈদের মৌসুমে ছিনতাইকারী টানা পার্টির সদস্যরা তৎপর হয়। এদের মধ্যে তালিকাভুক্ত ছিনতাইকারী, মাদকসেবী, ছিঁচকে মাস্তানও রয়েছে। কলেজছাত্রও রয়েছে। ছিনতাইকারীদের হাতেনাতে ধরা যায় না। ভুক্তভোগীরা মামলা করেন না, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না।
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাইন হোসেন বলেন, ছিনতাইয়ের শিকার যাঁরা হন, তাঁরা যেন থানায় মামলা করেন। এতে মালামাল উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারবে পুলিশ। রাস্তায় চলাফেরাকালে নগরবাসীকে একটু সাবধানে চলাফেরারও পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান বলেন, ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা ঘটলেও বড় কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। ছিনতাইকারীদের গ্রেপ্তারে নগরের গুরুত্বপূর্ণ স্পটে সাদাপোশাকধারী পুলিশ রয়েছে। জামিনে থাকা ছিনতাইকারীদের ওপর কঠোর নজর রেখেছে পুলিশ।