চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলার ঘটনায় আগের অবস্থান থেকে সরে এসে গতকাল শনিবার আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেছে জেলা যুবলীগ।
ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতে জেলা যুবলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, হামলার সঙ্গে যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই। বিএডিসির সাধারণ শ্রমিকদের মিছিল থেকে উচ্ছৃঙ্খল বখাটেরা হামলা চালিয়েছে। তবে ঘটনার দুদিন পর গতকাল যুবলীগের নেতারা বলেছেন, হামলায় অংশগ্রহণকারীরা যুবলীগের সমর্থক।
জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুপুর ১২টায় প্রেসক্লাবে নিজেদের অবস্থানের কথা সাংবাদিকদের জানান। আরেফিন তাঁর বক্তব্যে বলেন, প্রেসক্লাবে বর্বরোচিত হামলার ঘটনায় জেলা যুবলীগের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। ইতিমধ্যে সাতজনকে শনাক্ত করা হয়েছে, যারা যুবলীগের সমর্থক মাত্র। তবে ন্যূনতম সদস্যপদ না থাকায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে সংকটময় এই পরিস্থিতিতে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ শিগিগরই জানানো হবে।
এদিকে প্রেসক্লাবে হামলার প্রতিবাদে গতকালও সাংবাদিকেরা আন্দোলন অব্যাহত রাখেন। বেলা একটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত মৌন মিছিল করেন সাংবাদিকেরা। মিছিল শেষে পুলিশ সুপার কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি শেষে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে পুলিশ সুপার রশীদুল হাসানের সঙ্গে বৈঠক করেন সাংবাদিকেরা।