সুরমা নদীতে ধোয়া হচ্ছে হাসপাতালের কাপড়

সিলেট নগরের একাধিক হাসপাতালের রোগীদের বিছানার চাদর ও অন্যান্য কাপড় প্রতিদিন সুরমা নদীতে ধোয়া হয়। নানা রোগের জীবাণুবাহী এসব কাপড় নদীদূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
নদীতীরের আশপাশের কয়েকজন বাসিন্দা জানান, সুরমা নদীর পানি এখন পচা, দুর্গন্ধময় ও বিষাক্ত। নদীর তীরে অসংখ্য লোকের প্রতিদিনের পয়োবর্জ্য, শিল্প-কারখানার বর্জ্য, কাঁচাবাজারের আবর্জনা, ক্লিনিক্যাল বর্জ্য ও নগরের হোটেল-রেস্তোরাঁ থেকে বারোয়ারি বর্জ্য এর পানিকে দূষিত করছে। সেই সঙ্গে হাসপাতালের কাপড়ও এখানে ধোয়া হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের তোপখানা, কাজিরবাজার, চাঁদনিঘাট, কালীঘাট ও শাহজালাল সেতুসংলগ্ন এলাকায় ধোপারা নিয়মিত কাপড় ধোয়ার কাজ করেন। গত শনিবার তোপখানা এলাকায় ধোপাদের পাশাপাশি কয়েকজন শিশুকেও হাসপাতালের কাপড় ধোয়ার কাজ করতে দেখা গেল।
ব্যবসায়ী কাওসার মিয়া জানান, ১৫ বছর ধরে তিনি নদীতীরবর্তী তোপখানা এলাকায় বসবাস করছেন। সব সময়ই তিনি নদীর এই অংশে হাসপাতালের কাপড়চোপড় ধোয়ার দৃশ্য দেখে আসছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ধোপা জানান, নগরের প্রায় সব কটি হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ধোপাকে দিয়ে কাপড়চোপড় ধোয়ানোর কাজ করায়। তবে নানা রোগের জীবাণুবাহী এসব কাপড় নদীর পানি ও ধোপাদের কোনো ক্ষতি করছে কি না, তা তিনি জানেন না।
চাঁদনিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দূষণে সেখানকার অংশের পানি ছাই রং ধারণ করেছে, সেই পানিই কলসিতে ভরে সংগ্রহ করছিলেন সুলতানা বেগম নামের এক নারী। ওই নারী জানান, সুরমা মার্কেট এলাকার একটি হোটেলে তিনি নিয়মিত পানি সরবরাহ করেন।
ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক ও পরিবেশবিদ আশরাফুল কবির বলেন, হাসপাতালের কাপড় ধোয়ার কারণে পানি দূষিত হচ্ছে। পাশাপাশি ওই কাপড়গুলোতেও নদীর দূষিত পানি লেগে সেগুলো জীবাণুমুক্ত না হয়ে বরং জীবাণুযুক্ত হওয়ার আশঙ্কা থাকছে।
সিলেটের সিভিল সার্জন আজহারুল ইসলাম বলেন, হাসপাতালের কাপড়চোপড় ধোয়ার একটি নীতিমালা রয়েছে। সে অনুযায়ী কোনো হাসপাতাল বা ক্লিনিক তাদের কাপড় নদী, জলাশয় কিংবা পুকুরে ধুতে পারবে না। বদ্ধ জায়গায় সেগুলো ধুতে হবে। এটি যেকোনো হাসপাতাল বা ক্লিনিককে অনুমোদন দেওয়ার আগে বলে দেওয়া হয়। উন্মুক্ত স্থানে ধোয়ার কারণে পানিদূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে পড়ে চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
সিভিল সার্জন আরও জানান, সুরমা নদীর দূষিত পানিতে কাপড়চোপড় ধোয়ায় রোগীরাও নতুন করে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। হাসপাতালের কাপড়চোপড় ধোয়া এবং বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করার দায়িত্ব সিটি করপোরেশন কর্তৃপক্ষের বলে জানান তিনি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘সুরমা নদীতে হাসপাতালগুলোর কাপড়চোপড় ধোয়ার বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে। এমনটি হলে অবশ্যই যেন সেটি কেউ করতে না পারে, সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিষয়টি নিয়মিত তদারকি করা হবে।’