
সুরম্য একটি বাড়ি। ফটক নির্মাণেই ব্যয় হয়েছে দুই লাখ টাকা। এ বাড়ির মালিক আজিজার রহমানও পাচ্ছেন ১০ টাকা কেজি দরের চাল। অন্যদিকে, ভূমিহীন হলেও এ চাল পাচ্ছেন না সোবহান ফকির। হতদরিদ্র ব্যক্তিদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় ওঠেনি তাঁর নাম।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সরকারের ওই কর্মসূচি নিয়ে এমন নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য একে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও দায়িত্বপ্রাপ্ত ডিলাররা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, আক্কেলপুরের পাঁচটি ইউপিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ হাজার ২৫২ জন সুবিধাভোগী রয়েছে। ডিলার নিয়োগ দেওয়া হয়েছে ১০ জন।
আজিজার রহমানের (কার্ড নম্বর ৮৯৪) বাড়ি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুড় গ্রামে। তিনি বলেন, গ্রামের মোড়ে অবস্থিত তাঁর বাড়িটি নির্মাণে অর্ধকোটি টাকার বেশি ব্যয় হয়েছে। তাঁর বড় ছেলে রায়হান সৌদি আরবপ্রবাসী; ছোট ছেলে নাঈম থাকেন দুবাইয়ে। তিনি বলেন, ‘আমার বাড়ির গেটটি নির্মাণে দুই লাখ টাকা ব্যয় হয়েছে।’ খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নেওয়ার বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা দিয়েছেন, তিনি নিয়েছেন।
একই ইউনিয়নের যোগীভিটা গ্রামের কামাল হোসেন সমঝদারের আধা পাকা বাড়ি আছে। বাড়িতে তাঁর বিদেশি গরুর একটি খামারও রয়েছে। তাঁর একটি গরুর দামই ১ লাখ ৪০ হাজার টাকা। অথচ তিনিও পেয়েছেন কার্ড।
কার্ডধারীর তালিকায় নাম রয়েছে পাশের সোনামুখী ইউনিয়নের চকবিজলী গ্রামের সিদ্দিক হোসেন, বিপ্লব, শাহজাহান ও নাসিরের। তাঁদের সবাই বিত্তশালী। ভূমিহীন হলেও কার্ড না পাওয়া সোবহান ফকির এ গ্রামেরই বাসিন্দা। তাঁর পাঁচ শতক জমিতে বেড়ার একটি ঘর ছাড়া কিছুই নেই। সোবহান ফকির বলেন, ‘মাঠত মোর এক কাঠাও জমি-জিরাত নাই। মেম্বার কার্ড দ্যায়নি, দিচে ইটার বাড়ি আলা কোরক।’
সোনামুখী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. মজ্জান অনেক আগে মারা গেলেও তাঁর নামে কার্ড দেওয়া হয়েছে। ওই কার্ডের বিপরীতে গত সেপ্টেম্বর মাসের চালও তোলা হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে সোনামুখী ইউপির সদস্য সোহেল রানা বলেন, ‘আমি তালিকা করিনি। আমাকে কার্ড বিতরণ করতেও দেওয়া হয়নি। ২০১১ সালের তালিকা অনুযায়ী এবার তালিকা হয়েছে। এ কারণে মৃত ব্যক্তি ও বিত্তশালীরা সুবিধা পাচ্ছেন।’ তিনি দাবি করেন, সোনামুখী ইউপির দুই ডিলার মানিক ও বাঘা নিজেরাই সুবিধাভোগী ব্যক্তিদের মধ্যে কার্ড বিলি করেছেন। তবে ডিলার ডি এম মেহেদী হাসান ওরফে বাঘা বলেন, ইউপি সদস্যরাই কার্ড বিলি করেছেন।
আক্কেলপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস ছাত্তার বলেন, ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ক্ষেত্রে কোনো অনিয়ম-দুর্নীতি যাতে না হয়, সে জন্য তদারক করা হচ্ছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতি বন্ধে গতকাল রোববার জনপ্রতিনিধিদের সঙ্গে উপজেলা পরিষদে সভা হয়। সভায় খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় থাকা মৃত ব্যক্তিদের নাম বাতিলসহ কিছু অসংগতি দূর করতে আগামী বুধবার পর্যন্ত জনপ্রতিনিধিদের সময় দেওয়া হয়। তবে তালিকা থেকে বিত্তশালী ব্যক্তিদের নাম বাদ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।