
গুলিবিদ্ধ ছোট্ট সুরাইয়াকে আগামীকাল শনিবার কেবিনে মা নাজমা বেগমের কাছে দেওয়ার চিন্তাভাবনা করছেন চিকিৎসকেরা। অবস্থার উন্নতি হলেও তাকে শঙ্কামুক্ত বলছেন না তাঁরা।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা বলেন, সুরাইয়া দ্রুত সবকিছুতে সাড়া দিচ্ছে। নিজের হাতের আঙুল নিজেই মুখে দিচ্ছে। শুধু তা-ই নয়, হাত দিয়ে সে স্যালাইনের নলও খুলে ফেলেছে। ওর খাওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে। জন্ডিস কমে এসেছে।
কানিজ হাসিনা আরও বলেন, শিশুটির অনেক ধরনের জটিলতা ছিল। সেগুলো কমছে। তার জন্ডিস কমেছে। ক্ষতগুলোও শুকিয়ে এসেছে। তার চারটি ক্ষতে যে ২১টি সেলাই রয়েছে, সেগুলো শনিবার (আগামীকাল) থেকে কাটা শুরু হবে। তার স্যালাইন, অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হয়েছে। মায়ের কিছুটা দুধ শিশুটি নিজেই খাচ্ছে, বাকিটা নাক দিয়ে নলের মাধ্যমে দেওয়া হচ্ছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় নাজমা (৩০) পেটে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় করা মামলায় পুলিশ এ পর্যন্ত ১৬ আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে গত রোববার ঢাকা থেকে র্যা ব গ্রেপ্তার করে। তবে উদ্ধার হয়নি একটি অস্ত্রও।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, ৯ আগস্ট সেন সুমনের রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
অস্ত্র উদ্ধার না হওয়ার বিষয়ে জেলা পুলিশের দুই কর্মকর্তা বলেন, সংঘর্ষে জড়িত দুই পক্ষই সরকারি দলের লোক। এখন কানাঘুষা চলছে, জেলার রাজনীতিকেরা দুই পক্ষের মধ্যেই একটা মীমাংসা করানোর চেষ্টা করছেন। তাই মামলার তদন্ত শুরু থেকেই কিছুটা ঢিলেঢালা ছিল।
তবে জেলার পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর মধ্যেই কয়েকজন ধরা পড়েছে। অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে, অস্ত্র উদ্ধার হবে।