সুশাসন নেই বলেই নিষ্ঠুরতা বাড়ছে
১৭ জুলাই ঈদের আগের দিন। সাভারের জিঞ্জিরা এলাকায় ভাড়া বাসায় যৌতুকের কারণে ২৪ বছর বয়সী সুখী আক্তারের এক চোখ উপড়ে্ ফেলে তাঁর স্বামী ও স্বজনেরা। আরেক চোখেও প্রচণ্ড আঘাত করা হয়। সুখীকে বাড়িওয়ালি ও এলাকাবাসী উদ্ধার করে যখন রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে আসেন, তখন উপড়ে ফেলা চোখটিও কাগজে মুড়িয়ে আনা হয়।
এর আগে ৮ জুলাই সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে শেখ মো. সামিউল আলম রাজন (১৪) নামের সবজিবিক্রেতার আর্তনাদ এখনো কানে বাজছে। তার আকুতি ছিল, ‘আমি মরি যাইয়ার! কেউ আমারে বাঁচাও রে বা!’ চোর অভিযোগে পেটানোর সময় পানি খেতে চাইলেও এই কিশোরকে তা দেওয়া হয়নি। বলা হয়েছে ‘পানির বদলা ঘাম খা!’ দোকানঘরের খুঁটির সঙ্গে দুই হাত পেছন দিক করে বাঁধা ছিল রাজনের। রোলার দিয়ে মাথা থেকে পা পর্যন্ত থেমে থেমে চলছিল আঘাত। নির্যাতনকারীরাই ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে দিয়ে দেয়। নির্যাতনের একপর্যায়ে মৃত্যু হয় ছেলেটির। শুধু এ দুটি ঘটনাই নয়, গত এক সপ্তাহে (১৫ থেকে ২১ জুলাই) রাজনৈতিক সহিংসতা, ধর্ষণসহ অন্যান্য খবরের পাশাপাশি নৃশংসতার নানা ধরন ও মাত্রার খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে।
কেন এই নৃশংসতা? এর জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের সংবাদ পড়ার পর আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। ভাবছি, মানুষ কেন এতটা নৃশংস হয়ে যাচ্ছে।’ অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
মনোরোগ চিকিৎসক, মনোবিজ্ঞানী, সমাজ বিশ্লেষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে সহিংসতার ঘটনা ক্রমাগত বাড়ছে। এর পেছনে তাঁরা আইনের শাসনের অভাব, নৈতিক মূল্যবোধের অবক্ষয়সহ বিভিন্ন কারণকে দায়ী করছেন। তাঁদের মতে, দেশ এখন অস্থির সময় পার করছে।
সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরীন এ ধরনের অপরাধ ও সহিংসতা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে বলেন, আগে কোনো অপরাধ করলে সমাজে জবাবদিহি করতে হতো। এখন তা করতে হয় না। পারিবারিক, সামাজিক বন্ধনগুলোও শিথিল হয়ে যাচ্ছে। এ ছাড়া গণমাধ্যমে অপরাধ বা সহিংসতার খবর যেভাবে প্রকাশিত বা প্রচারিত হচ্ছে, সেই ঘটনায় কতজন শাস্তি পেল, তা তেমন করে প্রচার করা হচ্ছে না। বিচার-প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা আছে। কোনো অপরাধ দেখলে মানুষ প্রতিরোধ করবে, সে ধরনের প্রতিরোধমূলক মনোভাবও কমে যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দেন তিনি।
ঈদের দিন গোপালগঞ্জে প্রেমের সম্পর্কের জের ধরে দুই চোখ উপড়ে ফেলা; দুই হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে তরুণকে হত্যা; একসঙ্গে দুই হাতে ও দুই পায়ে কুপিয়ে ওই তরুণের বাবাকেও গুরুতর জখম করা—ইত্যাদি ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীর মাথা ও মুখ ইট দিয়ে থেঁতলে এবং গলা কেটে হত্যা করা হয়। পুলিশ মেয়েটির ভ্যানিটি ব্যাগে থাকা ডায়েরি থেকে তাঁর পরিচয় জেনে ফোন করে পরিবারকে বিষয়টি জানায়।
নারায়ণগঞ্জে কবুতর চুরির অভিযোগে সিমন (১০) ও ইমন (১২) নামের দুই শিশুকে নির্যাতন করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করাতে হয়।
ফরিদপুরের নগরকান্দায় একটি কাপড়ের দোকানে ঈদুল ফিতর এবং মেয়ের বিয়ে উপলক্ষে কেনাকাটা করতে গেলে একপর্যায়ে দোকানদারের সঙ্গে এক গৃহবধূর দামাদামি নিয়ে কথা-কাটাকাটি হয়। দোকানি গৃহবধূর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে শারীরিকভাবে লাঞ্ছিত করে ন্যাড়া করে দেয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর গৃহবধূর মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে বরপক্ষ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের ছয় বছর বয়সী শিশুসন্তানকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন কল্পনা বেগম। ঘটনাটি ১৫ জুলাইয়ের। ছোট্ট মেয়ের বিরক্তি সইতে না পেরে সজোরে ধাক্কা দিলে তাহমিনা উল্টে মাটিতে পড়ে মারা যায়। সন্তান হত্যার কথা জানাজানি হলে সমাজে মুখ দেখাতে পারবেন না, তাই লাশ গুম করার পরিকল্পনা করেন তিনি। পরে প্লাস্টিকের বস্তায় লাশ ঢুকিয়ে ঘরের বারান্দায় থাকা একটি চৌকির নিচে রেখে দেন।
কক্সবাজারের চকরিয়ায় মিয়ানমারের এক রোহিঙ্গা আবুল কাশেম তার দুই সন্তান জামাল (৬) ও তানজিনাকে (৩) ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে। আবুল কাশেমের স্ত্রী সাইয়া খাতুনের (৩৮) ভাষ্য, সংসারে আর্থিক অনটনের কারণে তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। ওই দিন গভীর রাতে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে কাশেম দা দিয়ে স্ত্রী সাইয়ার হাতে কোপ মারে। সাইয়া দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলে কাশেম তখন ঘুমিয়ে থাকা জামাল ও তানজিনাকে কুপিয়ে হত্যা করে। ঘরের ভেতর বেঁধে রাখা তিনটি ছাগলকেও কুপিয়ে মেরে ফেলে কাশেম।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সমাজে নিষ্ঠুরতা বেড়ে গেছে। দেশে সুশাসন না থাকলে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে এ ধরনের অপরাধ ক্রমাগত বাড়তে থাকে। পরিবারের একটি মানুষ কেন খারাপ হয়ে যাচ্ছে, সেদিকে পরিবারকেও দৃষ্টি দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, পারিবারিক মূল্যবোধ নড়বড়ে হয়ে গেছে। সমাজ নিয়ন্ত্রণ করছে খারাপ মানুষেরা। ধর্ম নিয়ে রাজনীতি ও অপরাজনীতির পাশাপাশি ধর্মের বিরোধিতাকারীর সংখ্যাও বাড়ছে। শিশুরা ধর্মীয় মূল্যবোধ নিয়ে বড় হচ্ছে না। আর দেশে কি আইনের শাসন আছে? মানুষ যখন দেখবে অপরাধ করে পার পাওয়া যায় না, তখন অপরাধ করার প্রবণতা কমবে। কিন্তু দেশে সে পরিস্থিতি নেই।
বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিকও বলছেন, সমাজে একটা ধারণা হয়ে গেছে যে ক্ষমতার জন্য, অর্থের জন্য যা মন চায় তা-ই করা যায়। আইন-নীতির তোয়াক্কা না করার সংস্কৃতি বিরাজ করছে সর্বত্র। এ ধরনের পরিস্থিতিতে অপরাধ বাড়ে। আর অপরাধ বাড়ার সঙ্গে সঙ্গে সহিংসতার মাত্রাও বাড়তে থাকে।
সমাধান প্রসঙ্গে শাহদীন মালিক বলেন, সমাজ যখন দেখবে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আইন মেনে চলেন, বড় স্যার উল্টো দিক দিয়ে গাড়ি চালালে তাঁরও শাস্তি হয়, তখন আর অন্যরা ওই পথে পা বাড়াতে সাহস করবে না। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে কোনো জবাবদিহিরও ব্যবস্থা নেই। তবে কতগুলো অপরাধের ঘটনা ঘটেছে, কতগুলো মামলা হয়েছে, কতজন শাস্তি পেয়েছে—পুলিশ প্রশাসনের সে ধরনের একটি খতিয়ান প্রকাশের বাধ্যবাধকতা থাকলে অপরাধ প্রবণতা কমে আসত।