সুষ্ঠু তদন্ত, বিচার দাবিতে সমাবেশ ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় বেসরকারি একটি পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠান সাইক ইনস্টিটিউটের স্থাপত্যবিদ্যার ছাত্রী ও ছাত্র ইউনিয়নের কর্মী ফেরদৌসী আফসানা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল সোমবার ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এসব কর্মসূচি পালন করে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

বগুড়া: গতকাল দুপুরে শহরের সাতমাথায়মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রাধা রাণী বর্মন। বক্তব্য দেন ছাত্রনেতা শ্যামল বর্মন, মাসুকুর রহমান, ধনঞ্জয় বর্মন, সুমি রায়, মুক্তা আক্তার, আল আমিন প্রধান, রাকিবুল ইসলাম প্রমুখ।

সমাবেশে অভিযোগ করা হয়, কলেজছাত্রী সোহাগী জাহান হত্যার মতোই আফসানা হত্যাকাণ্ড নিয়ে ন্যক্কারজনক খেলা শুরু হয়েছে। আফসানা হত্যার মূল হোতা ছাত্রলীগের নেতা হওয়ায় পুলিশ তাঁকে ধরছে না। খুনিদের আড়াল করতে মামলাও নেওয়া হচ্ছে না। বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

রংপুর: গতকাল বেলা ১১টায় ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

লালমনিরহাট: আফসানার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে গতকাল দুপুরে ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা শাখা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।

১১ আগস্ট নিখোঁজ হন ফেরদৌসী আফসানা। ১৩ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাঁর লাশ পাওয়া যায়।