সুস্থ হওয়ার বদলে লাশ হয়ে ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদক নিরাময় কেন্দ্রে আতিকুল ইসলাম ওরফে শাকিল (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালের বারান্দায় তাঁর লাশ রেখে ‘প্রয়াস’ নামের স্থানীয় ওই মাদক নিরাময় কেন্দ্রের লোকজন পালিয়ে যান।
আতিকুল প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেনের বড় ভাই।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, আতিকুলের বাড়ি পৌর শহরের কান্দিপাড়া মহল্লায়। সম্প্রতি তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। ২ আগস্ট পরিবারের সদস্যরা তাঁকে শহরের পীরবাড়ি মহল্লায় ‘প্রয়াস’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। শারীরিক অবস্থার খবর নিতে গত বৃহস্পতিবার পরিবারের সদস্যরা কেন্দ্রে গিয়ে আতিকুলের সঙ্গে কথা বলে আসেন।
পরিবারের সদস্যরা আরও বলেন, ওই দিন নিরাময় কেন্দ্র থেকে শনিবার (গতকাল) আতিকুলকে বাড়ি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে বলে জানানো হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা জানতে পারেন, হাসপাতালের বারান্দায় কে বা কারা আতিকুলের লাশ ফেলে পালিয়ে গেছেন।
আতিকুলের বাবা বাহার মিয়া জানান, তাঁর জামাতা আলাল মিয়ার বড় বোন হাসনা বেগমের সঙ্গে আলালের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে হাসনা বেগমের দায়ের করা মামলায় তাঁদের পরিবারের সদস্যদেরও জড়ানো হয়। ঈদের দুই দিন আগে হাসনা বেগমের লোকজন আতিকুলকে মারধরও করেন। সম্পত্তি নিয়ে বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে বলে তিনি মনে করেন। বিষাক্ত খাবার খাইয়ে আতিকুলকে হত্যা করা হয়েছে বলে তাঁরা আশঙ্কা করছেন। আতিকুলের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
তবে হাসনা বেগম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলেও আতিকুল কীভাবে মারা গেছেন, তা তিনি জানেন না।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেলে জেলা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রানা নুরুস শামস বলেন, ‘হাসপাতালে আনার আগেই আতিকুল মারা যান। দেখে মনে হয়েছে, ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর হাত ও পা শক্ত হয়ে গিয়েছিল। বিষ শনাক্তে ভিসেরা পরীক্ষার জন্য ঢাকায় পাকস্থলীর খাবারের নমুনা পাঠানো হবে।’
বিকেলে ওই নিরাময় কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রধান ফটকটি তালাবদ্ধ। পরে রুবেল মোহাম্মদ উসমান নামের এক যুবক নিজেকে রোগী পরিচয় দিয়ে ফটক খুলে দেন। আতিকুলকে যে কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, সেই কক্ষের টেলিভিশনসহ চেয়ার মেঝেতে পড়ে ছিল।
রুবেল জানান, আতিকুলকে হাসপাতালে নেওয়ার পর নিরাময় কেন্দ্রের মালিক রাজীব খান ও ইমরুল ইসলাম নিরাময় কেন্দ্রে ফিরে আসেননি। সকাল ১০টার দিকে আতিকুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল থেকে আতিকুল খেতে পারছিলেন না এবং বমি করছিলেন বলে তিনি দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আবদুর রব বলেন, ঘটনার পরই নিরাময় কেন্দ্রের মালিকপক্ষ পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।