সূত্র পাচ্ছে না পুলিশ অসন্তোষ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ১ মাস
অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ১ মাস

হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া শফিউর রহমান ফারাবীকে জিজ্ঞাসাবাদ, মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠানো ও ধারণানির্ভর বক্তব্যের মধ্যে বিজ্ঞানমনষ্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত ঘুরপাক খাচ্ছে। এমনটিই মনে করেন অভিজিতের পরিবার।
আজ বৃহস্পতিবার এই হত্যাকাণ্ডের এক মাস পূর্ণ হচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে আততায়ীরা। তাদের হামলায় আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। তাঁরা দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক।
গতকাল বুধবার মামলার বাদী ও অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায় প্রথম আলোকে বলেন, মামলার তদন্তে তিনি সন্তুষ্ট নন। এক মাস পার হলেও হত্যকারীদের কাউকে পুলিশ গ্রেপ্তার তো দূরের কথা, শনাক্ত করতে পারেনি। তিনি বলেন, পুলিশ আন্তরিক হলে আশাবাদী হওয়ার মতো ফল পাওয়াও যেতে পারে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, অভিজিৎ খুনের সময় আশপাশে অনেক মানুষ থাকলেও ঘটনার প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। মামলাটি এক ধরনের সূত্রবিহীন (ক্লুলেস)। সূত্রবিবিহীন এ মামলার রহস্য উদ্ঘাটনে বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে ডিএনএ প্রতিবেদন পাওয়া গেলে সন্দেহভাজনদের সঙ্গে
মিলিয়ে আসামি শনাক্তের কাজ সহজতর হবে।
উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, তদন্ত নিয়ে অভিজিতের বাবা অসন্তুষ্ট হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু মামলা তদন্তের ব্যাপারে ডিবির আন্তরিকতার কোনো ঘাটতি নেই। শিগগিরই মামলার রহস্য উদ্ঘাটিত হবে বলে আশাবাদী তিনি।
মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, প্রধান সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য রেদোয়ানুল আজাদ রানাকে ধরা গেলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি। তাঁকে ধরিয়ে দিতে ইতিপূর্বে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।