সূত্রাপুরে আ. লীগ নেতা গুলিবিদ্ধ
রাজধানীর সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ৭৯ নম্বর ওয়ার্ডের (বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড) সাবেক কমিশনার হাজি মোহাম্মদ সাঈদ (৬০) সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সূত্রাপুরের দেবেন্দ্রনাথ রোডের বাড়ির সামনে তাঁকে গুলি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঈদের পিঠে ও হাতে গুলি লেগেছে। প্রথমে তাঁকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাবেক কমিশনার মোহাম্মদ সাঈদ মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বাসার কাছেই দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন সন্ত্রাসী দাঁড়িয়ে ছিল। তারা তাঁকে দেখামাত্র গুলি ছুড়ে পালিয়ে যায়।
আওয়ামী লীগের এই নেতার গুলিবিদ্ধ হওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কেউ কিছু জানাতে পারেনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাঈদের খোঁজখবর নিতে অনেকে ভিড় করে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।