সূত্রাপুরে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরে একটি নির্মাণাধীন ভবনে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২০) ধর্ষণ করেছে দুই যুবক। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পরে রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষণের শিকার গৃহবধূ হাসপাতালে সাংবাদিকদের জানান, সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকায় সোহরাওয়ার্দী কলেজের পাশে একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন তাঁর স্বামী। তিনিও স্বামীর সঙ্গে সেখানেই থাকেন। স্থানীয় বখাটে যুবকেরা মাঝেমধ্যেই জোর করে ওই ভবনে উঠে মাদক সেবন করে আসছিল। গতকাল ভোর চারটার দিকে বখাটেরা তাঁর স্বামীকে ঘুম থেকে ডেকে তোলে। এরপর জরুরি কাজের কথা বলে তাঁকে পাঁচতলায় নিয়ে যায় এক বখাটে। এ সময় তাদের আরও দুই সঙ্গী সেখানে অবস্থান করে। এরপর দুই বখাটে তাঁকে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার ওই নারী জানান, ঘটনার কিছু সময় পরে তাঁর স্বামী নিচে এসে ধর্ষণের কথা জানতে পারেন। তাঁকে কৌশলে পাঁচতলায় ডেকে নিয়ে আটকে রাখা হয়েছিল বলেও জানান তিনি। এ বিষয়ে কী করা যায়, তা নিয়ে অনেক সময় তাঁরা দ্বিধায় ছিলেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

সূত্রাপুর থানার পুলিশ জানিয়েছে, ধর্ষণের বিষয়টি বেশ দেরিতে পুলিশকে জানানো হয়। তবে খবর পাওয়ার পরপরই পুলিশ ধর্ষণের শিকার গৃহবধূকে চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তাঁর স্বামী মামলা করেছেন। ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।