রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ধর্ষণের ভয় দেখিয়ে এক ছাত্রীর বন্ধুর এটিএম কার্ড ছিনিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহীনুর রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শাহবাগ থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করে।
শাহীনুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষে পড়েন। তিনি সূর্য সেন হল শাখার ছাত্রলীগের কর্মী বলে হল সূত্রে জানা গেছে। শাহবাগ থানায় হওয়া মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
তদন্ত তদারক কর্মকর্তা ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাসান আরাফাত গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ নিয়ে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দুজন এ বিশ্ববিদ্যালয়ের ক্যানটিন বয় এবং একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই ছিনতাইয়ে শাহীনুর জড়িত ছিলেন বলেও তথ্য দেওয়া হয়। শাহীনুরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে শাহীনুর হাজারীবাগ এলাকায় থাকতেন। মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি তাঁকে বিয়ে না করে গর্ভপাত করার জন্য চাপ দেন। বুধবার মেয়েটি পুলিশের কাছে গিয়ে সহযোগিতা চান। তিনিই প্রসঙ্গক্রমে পুলিশকে বলেন, এই শাহীনুরই ধর্ষণের ভয় দেখিয়ে ছিনতাই করেছিলেন। এরপর তাঁকে কৌশলে ঢাকা মেডিকেলে ডেকে এনে গ্রেপ্তার করা হয়। শাহীনুর শাহবাগ থানার এক গণধর্ষণের মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি।
বুধবার রাতে অন্তঃসত্ত্বা ছাত্রীটি শাহীনুরের বিরুদ্ধে হাজারীবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান বলেন, শাহীনুর প্রথম বর্ষে পড়ার সময় ছাত্রলীগের সঙ্গে ‘ওঠবস করতেন’। এখন ছাত্রলীগ করেন না।
গত ১৭ আগস্ট একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আনসার আলী তাঁর বান্ধবীকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বেড়াতে যান। সেখানে একদল ছিনতাইকারী তাঁদের মোবাইল ফোন, মানিব্যাগ ও সোনার চেইন ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা মেয়েটিকে ধর্ষণের হুমকি দিয়ে আনসার আলীকে তাঁর এটিএম কার্ডের পিন নম্বর দিতে বাধ্য করে। ওই পিন নম্বর দিয়ে তারা ৫০ হাজার টাকা তুলে নেয়।