সে এখন শুয়ে আছে - ধর্ষণের শিকার, প্রাণহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণকারীর বিরুদ্ধে মামলা করায় খুন হতে হলো বিউটি আক্তারকে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ছাতাগর্ত হাওর থেকে ২৪ মার্চ ওই কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, গত ২১ জানুয়ারি বিউটিকে অপহরণ ও ধর্ষণ করে প্রতিবেশী যুবক বাবুল মিয়া। ৪ মার্চ এ ঘটনায় মামলা হয়। কিন্তু পুলিশ বাবুলকে গ্রেপ্তার করেনি। উল্টো বাবুলের পরিবারের ক্রমাগত হুমকির কারণে বিউটিকে তার নানার বাড়ি রেখে আসা হয়। তবে শেষ রক্ষা হয়নি। সেখান থেকে আবারও ধর্ষণ ও সবশেষে হত্যা করা হয় বিউটিকে।

প্রথম আলোর ফেসবুক পেজ থেকে এ ধরনের ঘটনা বন্ধে কী করা যায়, সে বিষয়ে পাঠকের মতামত চাওয়া হয়। প্রচুর পাঠক সেখানে মন্তব্য করেন। বেশির ভাগ পাঠক মনে করেন এ ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে এবং সে জন্য তাদের বিচার হওয়া উচিত এবং ধর্ষণের মতো অপরাধের শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে মৃত্যুদণ্ড। অনেকে মনে করেন, অপরাধী যে রাজনৈতিক দলের, সেই দল যদি অপরাধীকে প্রশ্রয় না দিয়ে কঠোর শাস্তি দেয়, তাহলে ধর্ষণ অনেকটাই কমবে।

আহমেদ শাহরিয়ার শুভ লিখেছেন, ‘ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করা হোক। তাহলে এসব জিনিস বাড়তে পারবে না। তা ছাড়া স্কুলপর্যায় থেকেই নৈতিক, ধর্মীয় ও সংস্কৃতির পরিষ্কার শিক্ষা দিতে হবে।’

সোহেল আহমদ ইমন লিখেছেন, ‘আগে এসব পুলিশকে ধরা হোক, যাদের টাকা না দিলে আসামি ধরতে চায় না। সরকার এদের যে টাকা দেয়, তাতে পোষায় না? এই হত্যাকাণ্ডের জন্য পুলিশকে জবাবদিহি করতে হবে, যেহেতু আগেই আসামি চিহ্নিত ছিল। কেন ধরেনি, কেন ধরতে পারেনি, কেন আসামি সাহস পেল, তা জানতে চাই। পুলিশ দয়া করে আবার রসিকতার পুনরাবৃত্তি করে বলবেন না, “আমরা তদন্ত করে দেখছি।” আরে ভাই, তদন্ত মরার পরই করতে হয়? আগে করলেন না কেন?’

নাইম খান লিখেছেন, ‘উন্নয়নের মহাসড়কের পাশে ধর্ষিতা এই মৃতদেহের নাম বাংলাদেশ। এই বাংলাদেশের অপর নাম বিউটি আক্তার। বয়স মাত্র ১৬। যার কথা ছিল হেসেখেলে বেড়ানোর, বাবার সাথে আহ্লাদ করার কিংবা স্কুলের সহপাঠীদের সঙ্গে স্বাধীনতা দিবসের মিছিলে পতাকা হাতে অংশ নেওয়ার, সে এখন শুয়ে আছে হাওরের পাশে; ধর্ষিতা, প্রাণহীন।’

বিশ্বব্যাপী এ অপরাধ থাকলেও বাংলাদেশে যথাযথ শাস্তি না হওয়াই এর অন্যতম কারণ বলে মনে করেন মোহাম্মদ আবদুস সালাম। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, তবে যথাযথ শাস্তি হচ্ছে না। শুরুতে মামলা হয় পরবর্তী সময়ে জামিনে খালাস পেয়ে ফের ধর্ষণ এবং হত্যা। দেশে ধর্ষণের বিচারের জন্য বিশেষ আইন হওয়া উচিত।’

প্রশাসনিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপ এসব ঘটনা বাড়িয়ে তুলছে বলে মনে করেন দিপ আনামুল। তিনি লিখেছেন, ‘বর্তমানে আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলের দাপট বেশি এবং সব সময়ে ক্ষমতাসীন দলের লোকেরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকেন। সুতরাং ওই ব্যক্তি যে রাজনৈতিক দলের সেই দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে ধর্ষণ কেন মাদকাসক্ত, খুন, হয়রানি, রাহাজানি ও প্রতারণাসহ সব অপরাধ কমে আসবে বলে আমি মনে করি।’

যথাযথ দায়িত্ব পালন না করার জন্য পুলিশকেও বিচারের আওতায় আনা উচিত বলে মনে করেন সোহান আহমেদ। তাঁর কথা, ‘এখানে আমি মনে করি, আসল দোষী পুলিশ! কেননা তারা মামলা হওয়ার পরও আসামিকে না ধরে বরং তাকে প্রশ্রয় দিয়েছে? সুতরাং আমি মনে করি, এই থানার ওসি ও আসামিকে বিচারের সম্মুখীন করা। সেটা যদি আমরা করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে এ রকম ঘটনা আরও হলে অস্বাভাবিক কিছু হবে না।'

একের পর এক এসব ঘটনায় বিচার না হওয়া এ রকম পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করেন মো. আমির হোসাইন। তিনি লিখেছেন, ‘তনু হত্যার বিচার হয়নি, বিউটি হত্যার বিচার হবে না—এটাই হলো বাস্তব। কয়েক দিন গরম-গরম লেখালেখি হবে, তারপর আস্তে ঠান্ডা হয়ে যাবে।’ রাশেদ হোসাইনের বক্তব্যও একই রকম। তিনি লিখেছেন, ‘বিচার না হলে যা হয় আর কি! এ ক্ষেত্রে আমার মত হচ্ছে, প্রথমেই খেয়াল রাখতে হবে রাজনীতিতেই কোন লোকটা নোংরামির দিকে এগোচ্ছে। আর এসব ভণ্ডরা যদি দলীয়ভাবে সঠিক শাস্তি পায়, তাহলে ধর্ষণটা অনেকাংশেই কমে যাবে। আজকাল বেশির ভাগ ধর্ষণ হচ্ছে দলীয় ক্ষমতায়! ধর্ষকের পাশে দল থাকলে যা হয় আর কি!’

ডেইজি শরিফ মনে করেন, ‘এমন নিকৃষ্ট কাজের জন্য অপরাধীকে জনসমক্ষে কঠিন সাজা দেওয়া উচিত। যা দেখে অন্যরা ভয়ে এসব কথা মনেও না আনে, তবে সত্যি কথা হলো আইনের দিক থেকে আমরা পিছিয়ে আছি।’

রাজনৈতিক পরিবেশকে এসব ঘটনার জন্য দায়ী করছেন নাজিম উদ্দিন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এর জন্য দায়ী। কারণ যে দেশে আইনের শাসন নেই সেই দেশে হত্যা ও ধর্ষণ এবং ব্যভিচার বন্ধ করা সহজ হবে না। কোন রাজনৈতিক দলই আন্তরিকভাবে আইনের শাসন চালু করতে চায় না।’

নিতাই রায় লিখেছেন, ‘দুটি পদক্ষেপ নেওয়া উচিত মনে করি। স্বল্পকালীন পদক্ষেপ : অপরাধীকে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা। দীর্ঘমেয়াদি পদক্ষেপ : পরিবারের প্রত্যেক সদস্যের সচেতনতা বৃদ্ধিতে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দায়িত্বশীল হওয়া।'

অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না উল্লেখ করে তৌহিদ ইসলাম লিখেছেন, ‘ক্ষমতার ব্যবহার সব সময়ই বিচারকে প্রভাবিত করে।’