সেই ইউএনওর বিরুদ্ধে এবার দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইকরামের বিরুদ্ধে এবার সরকারি জায়গা বন্দোবস্তে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল বুধবার কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছে।
দুদক সিলেটের উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে গতকাল রাতে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কোম্পানীগঞ্জের পারকুল মৌজার ১৮০৫ নম্বর দাগের ১.৫০ একর সরকারি ভূমি মাঠ জরিপে রেকর্ড হয়। আসিফ ইকরাম ইউএনও থাকাকালে ২০১৬ সালের ৮ মে বিধিবহির্ভূতভাবে ওই জমি বন্দোবস্ত দিয়েছেন। ফলে অভিযুক্তরা দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করেছেন। প্রাথমিক তদন্তে এটি প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। দুদক তদন্ত করে এর সত্যতা পেয়েছে।
মামলায় আসিফ ইকরাম ছাড়াও ছয়জনকে আসামি করা হয়েছে। অন্যরা হলেন সিলেট সদরের সহকারী কমিশনার রাশেদ ইকবাল চৌধুরী, সিলেট সদর ভূমি অফিসের সার্ভেয়ার মোশারফ হোসেন, জালাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা চৌধুরী ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. খলিলুর রহমান।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম রাত সাড়ে আটটায় মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি নথিভুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ ইকরাম ২০১৩ সালের ৮ অক্টোবর কোম্পানীগঞ্জের ইউএনও হিসেবে যোগ দেন। তিনি উপজেলার বৃহত্তম পাথরকোয়ারি ভোলাগঞ্জে বোমামেশিন চালাতে দিয়ে এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ২০১৪ সালের ১২ জুলাই প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। পরে আসিফকে সুনামগঞ্জের শাল্লায় বদলি করা হয়। সেখানে গত ২৫ সেপ্টেম্বর এক সাংবাদিককে মারধর করেন তিনি। ২৮ সেপ্টেম্বর তাঁকে শাল্লা থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়।