ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা দেবাশীষ রায়কে ভূমি কর (খাজনা) হিসেবে আদায় করা টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দেবাশীষ রায় এরই মধ্যে আত্মসাৎ করা এক লাখ ৯৮ হাজার ৯২১ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন।
ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার দেবাশীষ রায়কে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেবাশীষ রায় ২০১২ সাল থেকে পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে কর্মরত ছিলেন। কিন্তু তিনি ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৪ সালের ২৬ অক্টোবর পর্যন্ত ভূমি কর বাবদ আদায় করা এক লাখ ৯৮ হাজার ৯২১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ফেনীর হিসাব তত্ত্বাবধায়ক মো. আবদুর রশিদ তদন্ত করে অভিযোগের সত্যতা পান। তিনি বিষয়টি লিখিতভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবুল হাসেমকে জানান।
সূত্র জানায়, হিসাব তত্ত্বাবধায়কের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আত্মসাৎ করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য দেবাশীষ রায়কে নির্দেশ দেন। প্রশাসনের নির্দেশ পেয়ে গত বৃহস্পতিবার তিনি এক লাখ টাকা এবং গতকাল রোববার ৯৮ হাজার ৯২১ টাকা সরকারি কোষাগারে জমা দেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ‘ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।