সেই উত্ত্যক্তকারী গ্রেপ্তার, কলেজে যাচ্ছে মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের মালোপাড়ার মেয়েটিকে উত্ত্যক্তকারী জাহিদুল ইসলামকে (২৫) কেশবপুর থানার পুলিশ গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে আট দিন পর গত শনিবার কলেজে যায় মেয়েটি।

বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার থেকে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, কেশবপুর থানার উপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রশান্ত দাস চুকনগর বাজারে খুলনা-সাতক্ষীরা সড়কে একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করার সময় জাহিদুলকে গ্রেপ্তার করেন।

এদিকে গত শনিবার সকালে এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) গৌতম রায় মেয়েটিকে কলেজে নিয়ে আসেন। এ সময় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক টি এম জাকির হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

হাজি মোতালেব মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রায়হানা সাদেক বলেন, কাল বুধবার থেকে মেয়েটি পরীক্ষায় অংশ নেবে। যে পরীক্ষাগুলো দিতে পারেনি, সেগুলো পরে নিয়ে নেওয়া হবে।

প্রসঙ্গত, কেশবপুরের মালোপাড়ার একটি মেয়েকে গত ৪ সেপ্টেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে নির্জন এলাকায় মঙ্গলকোট উত্তরপাড়া গ্রামের জাহিদুল তাকে টানাটানি করে। মেয়েটি বাধা দেওয়ার চেষ্টা করলে সে তার গলা চেপে ধরে। একপর্যায়ে মেয়েটির চোখে আঙুল ঢোকানোর চেষ্টা করে। এতে তার বাঁ চোখটি আঘাতপ্রাপ্ত হয়। পরে গত ২২ নভেম্বর বাড়ির সামনে বুড়ি ভদ্রা নদীতে যাওয়ার সময় জাহিদুল আবার তাকে আটকায়। এ কারণে গত রোববার থেকে অনুষ্ঠিত অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি মেয়েটি। এদিকে লোকলজ্জায় সে আত্মহত্যার চেষ্টা চালায়।

শিক্ষামন্ত্রীর নির্দেশে গত রোববার দুপুরে মালোপাড়ায় পরিবারটির বাড়িতে যান টি এম জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেশবপুরের উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির, ওসি আবদুল জলিল প্রমুখ।