সেই এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ লাইনসে প্রত্যাহার করে নেওয়া নরসিংদী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নঈমুল মোস্তাকের বিরুদ্ধে কয়েকজন যুবককে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিকার চেয়ে পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন করেছেন আরিফুল ইসলাম ওরফে পাভেল নামের এক যুবক।
পুলিশ সুপারের কার্যালয় ও কয়েকজন যুবকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৮ এপ্রিল এসআই নঈমুল মোস্তাক শিবপুরের ইটাখোলা থেকে পাঁচ যুবককে ধরে নিয়ে যান। পরে দুজনকে ছেড়ে দেন। বাকি তিনজনকে মাদক মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তিন লাখ টাকা আদায় করেন। পরে পৌর মেয়র কামরুজ্জামানের হস্তক্ষেপে সেই টাকা ফেরত দিতে বাধ্য হন নঈমুল। এ ঘটনায় তাঁকে গোয়েন্দা পুলিশ থেকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। এর পর থেকে নঈমুল নিজে ও বিভিন্ন লোকজনের মাধ্যমে ঘটনা মীমাংসার জন্য যুবকদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ ঘটনায় গতকাল বেলা আড়াইটার দিকে আরিফুল ইসলাম ওরফে পাভেল প্রতিকার চেয়ে এসপির কাছে লিখিত আবেদন করেন।
এদিকে টাকা আদায়ের ঘটনা তদন্ত করার জন্য সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজোয়ান আহমেদকে দায়িত্ব দিয়েছেন এসপি আমেনা বেগম।
আরিফুল ইসলাম বলেন, ‘পত্রিকায় খবর আসার পর থেকে নঈমুল নিজে এবং বন্ধুবান্ধবসহ বিভিন্ন লোকজন দিয়ে ফোন করাচ্ছেন, যাতে এ ঘটনা নিয়ে সামনে না এগোই। ভয়ভীতিও দেখানো হচ্ছে। এতে পরিবারসহ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই এসপি ম্যাডামকে জানিয়েছি। এর আগে গত সোমবার এএসপি রেজোয়ান আহমেদ স্যার আমার লিখিত জবানবন্দি নিয়েছেন।’
এএসপি রেজোয়ান আহমেদ বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এসপি ম্যাডাম বলবেন। আপনি ম্যাডামের সঙ্গে কথা বলুন।’
এসপি আমেনা বেগম বলেন, এএসপি (হেডকোয়ার্টার) রেজোয়ান আহমেদকে ঘটনাটি তদন্ত করে দেখার জন্য বলা হয়েছে।