সেই কিশোরীর পরিবার আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণের ঘটনার সালিস পুলিশ ভন্ডুল করে দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের পক্ষের লোকজন ওই কিশোরীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তা ছাড়া এ ঘটনায় সংবাদ প্রকাশিত হওয়ায় প্রথম আলোর নান্দাইল প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
হুমকির কারণে গতকাল শনিবার ওই কিশোরীর ভাইকে পুলিশের সহায়তায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যেতে হয়েছে। কিশোরীর ভাই গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আদালতে মামলা করার পর অবস্থা এমন হয়েছে যে, হয় পরিবারের সকলকে নিয়ে মরতে হবে, না হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে।’
ওই পরিবারের এক নারী সদস্য বলেন, ‘সাংবাদিকদের কাছে যা বলেছি, তা প্রত্যাহার করে নিতে চাপ দিচ্ছেন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন। এমনকি বাড়ির নারীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন একাধিক জনপ্রতিনিধি। প্রভাবশালী পরিবারের সদস্য অলিউল্লাহ, মোশাররফ ও এমদাদকে ওই মামলায় অভিযুক্ত করায় তাঁদের লোকজন গতকাল লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়ির চারপাশে মহড়া দিয়েছে।’
নান্দাইল মডেল থানার এসআই মো. আবু হানিফ বলেন, কিশোরীর ভাই ভয়ে দোকানে যেতে না পেরে পুলিশের সহায়তা চেয়েছেন। তাই তিনি (এসআই) তাঁকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে বাজারের ওই দোকানে বসিয়ে দিয়ে এসেছেন। এলাকার দুজন বাসিন্দা বলেন, এ সময় বাজারে অবস্থান করছিলেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ওরফে কাজল, ইউপি সদস্য হাতেম আলী, এলাকার মাতব্বর মো. নুরুজ্জামানসহ কয়েকজন। কারও কারও হাতে লাঠিসোঁটাও ছিল। তবে পুলিশ সেখানে যাওয়ার পর তাঁরা পালিয়ে যান।
বেলা আড়াইটার দিকে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে বলেন, ‘গ্রামে যাদের ন্যূনতম সমর্থন নেই, সেই পরিবারের সামান্য বিষয়কে বড় করে পত্রিকায় তুলে ধরে আপনি (প্রতিনিধি) আমার সম্মান নষ্ট করেছেন। আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমি বিষয়টি দেখব।’
ইউপি চেয়ারম্যানের হুমকির বিষয়টি গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমানকে জানান এ প্রতিনিধি। এ সময় ওসি বলেন, বিষয়টি তিনি দেখবেন।
গত শুক্রবার প্রথম আলোয় ‘ধর্ষণের বর্ণনা দিতে হবে সালিস বৈঠকে’ শিরোনামে সংবাদ ছাপা হয়। ওই দিনই পুলিশ সালিস বৈঠক ভন্ডুল করে দেয়। গত ২৬ অক্টোবর মক্তবে পড়তে যাওয়ার পথে ওই কিশোরীকে অপহরণ করা হয়। এর চার দিন পর কিশোরী কৌশলে পালিয়ে আসে।