সেই গৃহবধূ স্বামী ও শ্বশুরসহ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতনের মামলায় স্বামী-শ্বশুরের সঙ্গে সমঝোতার ছয় মাস পর ১২ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন গৃহবধূ সুমাইয়া আক্তার (২৫)। গত মঙ্গলবার বেলা দুইটার দিকে ফরিদপুর শহরের আলীপুর মহল্লার রাজ্জাক টাওয়ারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ওই গৃহবধূকে উদ্ধার করে।
এর ছয় ঘণ্টা পর গত মঙ্গলবার রাত আটটার দিকে শহরের থানা রোড এলাকায় মেডিসিন মার্ট নামের একটি ওষুধের দোকানে পরস্পরের ওপর হামলার ঘটনায় ওই গৃহবধূর স্বামী সৈয়দ কামরুল হাসান এবং শ্বশুর সৈয়দ নাজমুল হাসান আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যে ওই গৃহবধূ ও তাঁর শ্বশুরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামী ওই একই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে শ্বশুরের মালিকানাধীন মেডিসিন মার্টের ওই দোকানে একটি লোহার রড নিয়ে হামলা চালান ওই গৃহবধূ। এ সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এর ফলে ওই তিনজন আহত হন। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ওই সময় জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাহীন মাহমুদ জানান, হাসপাতালে নাজমুল হাসান ও কামরুল হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সুমাইয়া আক্তারকে ভর্তি করা হয়।
সৈয়দ নাজমুল হাসান বলেন, ‘আমি সে সময় হাসপাতাল থেকে বাড়িতে চলে গেলেও বমি বমি ভাব হওয়ায় রাতেই আমি হাসপাতালে এসে ভর্তি হই।’
সুমাইয়া আক্তারের বাবা জালাল মোল্লা জানান, তাঁর মেয়ে রাজ্জাক প্লাজার ফ্ল্যাটের চাবি আনতে মেডিসিন মার্ট নামের ওই ওষুধের দোকানে গেলে তাঁকে মারধর করে আহত করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বিপুল কুমার দে জানান, এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
গত ৩০ এপ্রিল ওই গৃহবধূ স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে একটি মামলা করেন ফরিদপুর কোতোয়ালি থানায়। মামলা দায়েরের পর স্বামী পলাতক থাকলেও শ্বশুর সৈয়দ নাজমুল হাসানকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। প্রায় ছয় মাস আগে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। এরপর থেকে সুমাইয়া ও তাঁর স্বামী শহরতলির বায়তুল আমান এলাকায় অবস্থিত শ্বশুরবাড়ি ছেড়ে শহরের আলীপুর এলাকার রাজ্জাক প্লাজার ওই বাড়িতে থাকতেন। রাজ্জাক প্লাজার ওই ভবনের ১২ তলা থেকে গত মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ লাফিয়ে পড়ার চেষ্টা করেন।
গতকাল বুধবার প্রথম আলোয়, ‘১২ তলা থেকে গৃহবধূর লাফিয়ে পড়ার চেষ্টা’ শিরোনামে এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।