সেই চেয়ারম্যানের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে ওই ছাত্রী মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে তিনি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে আরেক স্কুলছাত্রীকে বিয়ে করেছিলেন।

উপজেলার কড়ইচড়া ইউপির সাবেক ওই চেয়ারম্যানের নাম মোখলেছুর রহমান (৪৫)। বাড়ি উপজেলার জটিয়ারপাড়া গ্রামে। তিনি উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত জানুয়ারিতে একটি সালিস বৈঠকে দরিদ্র ওই ছাত্রীর সঙ্গে পরিচয় হয় চেয়ারম্যান মোখলেছুরের। পরে তিনি নানা ছুতোয় দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলতেন। গত মার্চে ছাত্রীটির নামে বাড়ি ও দোকানঘর নির্মাণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে নানা কৌশলে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। তিনি ১০ ডিসেম্বর বিয়ের কথা বলে তাকে জামালপুর পৌর শহরে নিয়ে গিয়ে আবার ধর্ষণ করেন।

কয়েক দিন আগে ছাত্রীটির পরিবারের সদস্যরা ঢাকায় বেড়াতে যান। এই সুযোগে তিনি গত শনিবার রাত ১০টার দিকে ওই ছাত্রীর বাড়িতে যান। তিনি মেয়েটিকে আবার ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে মোখলেছুরকে আটক করেন। কিন্তু তাঁর এক সহযোগী একই ইউপির সাবেক এক সদস্য তাঁকে ছাড়িয়ে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে রাতেই উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই মেয়েটি বাদী হয়ে মোখলেছুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দেয়।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, মোখলেছুর ২০১৩ সালে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও একই কায়দায় আরেক স্কুলছাত্রীকে বিয়ে করেন। একজন জনপ্রতিনিধি হয়েও তাঁর বাল্যবিবাহের ওই ঘটনায় তখন এলাকায় হইচই পড়ে যায়। ওই ঘটনায় ২০১৩ সালের ১৬ আগস্ট প্রথম আলোয় ‘স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে করলেন ইউপি চেয়ারম্যান’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। কিন্তু খবর ছাপা হওয়ার বিষয়টি টের পেয়ে তিনি আগেই উপজেলায় প্রথম আলোর সব কপি কিনে নেন। এ কারণে ওই দিন উপজেলার পাঠকেরা প্রথম আলো পাননি।

ওই বাসিন্দারা আরও বলেন, মোখলেছুর আওয়ামী লীগের নেতা। তিনি দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এ কারণে পুলিশ এখনো মেয়েটির অভিযোগ মামলা হিসেবে নেয়নি।

মুঠোফোনে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত নির্বাচনে প্রতিপক্ষের কিছু লোক শত্রুতা করে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন। ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। প্রতিপক্ষের লোকজন ওই স্কুলছাত্রীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করিয়েছেন।’

মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে আমি পুলিশের একটি দল নিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এরপর স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ দিয়েছে। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে সাবেক ওই ইউপি চেয়ারম্যান পলাতক রয়েছেন।’