সেই ছাত্রের মাকে এবার বখাটেদের হুমকি
রাজধানীর মিরপুর থানার শেওড়াপাড়ায় চাচাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পা ভেঙে দেওয়া সেই ছাত্রের মাকে এবার প্রাণনাশের হুমকি দিয়েছে বখাটেরা। এ বিষয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রের মা।
আহত ছাত্রের মা অভিযোগ করেন, ঘটনার পরদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন ছেলেকে দেখতে গেলে শেওড়াপাড়া বৌবাজারের কাছে ফাহিমের সহযোগী সেলিমের নেতৃত্বে কয়েকজন ওই ছাত্রের মাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার ওপর হামলা চালায়। এ সময় তারা প্রাণনাশেরও হুমকি দেয়। ওই দিন পঙ্গু হাসপাতালে গিয়েও ফাহিমের কয়েকজন সহযোগী হুমকি দেয়। বখাটেদের ভয়ে তিনি সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
ওই ছাত্রের মা প্রথম আলোকে বলেন, পঙ্গু হাসপাতালে হুমকির ঘটনায় আজ বুধবার রাতে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রাজধানীর মিরপুর থানার শেওড়াপাড়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ওই ছাত্রকে পা ভেঙে দেওয়ার ছয় দিন পরও দুই বখাটেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানতে চাইলে আজ বুধবার রাতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার পর বখাটে ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। ফাহিমের সঙ্গে থাকা দুই যুবকের নাম পাওয়া গেছে। তাঁরা হামলায় জড়িত থাকলে তাঁদের গ্রেপ্তার করা হবে। ফাহিম কারাগারে আছেন। আদালত তাঁকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র গত মঙ্গলবার পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে তাঁর চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে ফাহিমের নেতৃত্বে তিন বখাটে রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পায়ের দুটি স্থান ভেঙে ফেলে। এ ঘটনায় ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। ফাহিম একটি ধর্ষণ মামলার আসামি সিয়ামের মামা।
আহত ছাত্রের মা অভিযোগ করেন, বখাটে ফাহিমের সঙ্গে সিয়াম, তোতা মিয়া, শাহিন ও রুবেল হামলায় অংশ নেয়। কিন্তু তাদের আসামি করতে চাইলে মিরপুর থানার ওসি তাদের নাম বাদ দিয়ে মামলা গ্রহণ করেন।