সেই ছাত্রের মায়ের ওপর বখাটের দুই দফায় হামলা
মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ায় চাচাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পা ভেঙে দেওয়া সেই ছাত্রের মায়ের ওপর দুই দফায় হামলা চালিয়েছে বখাটেরা। গতকাল রোববার কারাগারে থাকা ফাহিমের সহযোগীরা ওই ছাত্রের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। এর আগে গত ২৯ আগস্ট আদালতপাড়া থেকে ফেরার পথে শাহবাগ এলাকায় ফাহিমের সহযোগীরা ওই ছাত্রের মায়ের ওপর হামলা চালায়। শাহবাগ থানায় এ ঘটনায় ডায়েরি (জিডি) করা হয়েছে।
ছেলেটির মা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গতকালের হামলার ঘটনা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে তাৎক্ষণিক ফোনে জানানো হয়েছে এবং মিরপুর থানায়ও গিয়েছিলেন। তারপরও পুলিশ তাঁর ছেলের পা ভেঙে দেওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না। হামলাকারীদের বিচার চাইতে গিয়ে তিনি বখাটেদের একের পর এক হামলা ও হুমকি-ধমকির শিকার হচ্ছেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ গতকাল ওই ছাত্রের মায়ের ওপর হামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হুমকিদাতাদের গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
গতকালের হামলার ঘটনায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ওই ছাত্রের মা ছিনতাইয়ের মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।
গত ৪ আগস্ট উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্র পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণিতে তাঁর চাচাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে ফাহিমের নেতৃত্বে তিন বখাটে ছুরিকাঘাত করে ও রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ভেঙে দেয়। এ ঘটনায় ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। ফাহিম একটি ধর্ষণ মামলার আসামি সিয়ামের মামা। অভিযোগ রয়েছে, বখাটে ফাহিমের সঙ্গে সিয়াম, শাহিন ও রুবেল হামলায় অংশ নেয়। কিন্তু তাদের আসামি করতে চাইলে মিরপুর থানার ওসি তাদের নাম বাদ দিয়ে মামলা নেন।
গতকাল ওই ছাত্রের মা বলেন, তাঁর ছেলেকে মারধরের মামলায় বখাটে ফাহিম জামিনের আবেদন করেছে—এ খবর শুনে তিনি সকাল পৌনে ১০টার দিকে বাসা থেকে বেরিয়ে পুরান ঢাকার আদালতে যাচ্ছিলেন। এ সময় শামীম সরণির পেছনের গলি পশ্চিম শেওড়াপাড়ায় বখাটে ফাহিমের (কারাগারে আটক) সহযোগী সিয়াম, রুবেল ও শাহাদাত মোটরসাইকেলে এসে তাঁর পথ রোধ করে। তারা ফাহিমের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে তাঁর গলায় ছুরি ঠেকায়। তারা জোর করে একটি সাদা কাগজে তার স্বাক্ষর নেয় এবং তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ওই ছাত্রের মা আরও অভিযোগ করেন, তাঁর ছেলের ওপর হামলাকারী সিয়াম ও শাহাদত প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই নুরুজ্জামান গতকাল বলেন, হামলাকারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
এর আগে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন থাকাকালে গত ৫ আগস্ট পশ্চিম শেওড়াপাড়ার বৌবাজারের কাছে ফাহিমের সহযোগী শাহাদতের নেতৃত্বে কয়েকজন ওই ছাত্রের মাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার ওপর হামলা চালায়। এ সময় তারা প্রাণনাশেরও হুমকি দেয়। ওই দিন পঙ্গু হাসপাতালে গিয়েও ফাহিমের সহযোগী সেলিম মামলা তুলে নিতে হুমকি দেয়। তখন ওই ঘটনায় মিরপুর ও শেরেবাংলা নগর থানায় বখাটে ফাহিমের সহযোগীদের বিরুদ্ধে পৃথক দুটি জিডি করা হয়।