সেই জমিতে এখন আ.লীগ কার্যালয়ের সাইনবোর্ড!

নাটোর পৌরসভার কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা আজিজুল ইসলামের অবৈধভাবে দখল নেওয়া সেই জমিতে রাতারাতি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সাইনবোর্ডে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সজীব ওয়াজেদ জয় ও নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলামের ছবির সঙ্গে অবৈধ দখলদার আজিজুল নিজের ছবিটিও সেঁটে দিয়েছেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাটোর রেলস্টেশনের ২৮ নম্বর প্লটে গতকাল সোমবার বিকেলে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় ৮ ফুট উঁচু করে পাকা সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে। সামনে প্রাচীর ঘেঁষে স্থাপন করা হয়েছে নাটোরের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ‘কার্যালয়’ লেখা সাইনবোর্ড। সাইনবোর্ডের ওপরের দিকে এক পাশে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি। তাঁদের ছবির নিচে রয়েছে নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সহসভাপতি এবং নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলামের আত্মীয় আজিজুল ইসলামের ছবি। অন্যপাশে রয়েছে নাটোর সদর আসনের সাংসদ শফিকুল ইসলামের ছবি। সাইনবোর্ডের পাশেই দেখা গেল পুলিশের একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে আছে। কয়েকজন পুলিশ সদস্য পাহারায় নিয়োজিত রয়েছেন। এই সাইনবোর্ডকে ঘিরে এলাকাবাসীর মধ্যে গতকাল সারা দিনই কৌতূহলের কমতি ছিল না। দখলদারদের ভয়ে এ নিয়ে সাধারণ মানুষ কেউ মুখ না খুললেও জেলা আওয়ামী লীগের অন্তত তিনজন নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কমিটির এক নেতা বলেন, অবৈধভাবে দখল করা জমির উচ্ছেদ ঠেকাতে সেখানে দলের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। দল ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় সাংসদের সুনামও ক্ষুণ্ন হবে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ বলেন, ‘ওই জমি দখল করা হয়েছে। সেখানে দলের সাইনবোর্ড লাগানোর বিষয়ে জেলা আওয়ামী লীগ কিছুই জানে না। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই। আমার জানা মতে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে আমাদের দল-সমর্থিত কাউন্সিলররাও এ ব্যাপারে কিছু জানেন না। আমাদের সাংসদ শফিকুল ইসলামও এ ব্যাপারে অবহিত নন। আমরা এর দায়দায়িত্ব নিতে চাই না।’
কাউন্সিলর আজিজুল ইসলাম অবশ্য বলেন, প্রকৌশলী আনোয়ার হোসেনের ইজারা নেওয়ার কাগজপত্র ঠিক নেই। তিনি রেল কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে কাগজ করে নিয়েছেন। তিনি বলেন, ‘ওই জমির ওপর থেকে গত ১০ বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। অথচ রেল কর্তৃপক্ষ আমাদের নামে কাগজ করে দেয়নি। তবে আমরা আমাদের নামে কাগজপত্র করে নেওয়ার চেষ্টা করছি। তাই জমিটি আমরা ঘিরে নিয়েছি। সেখানে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়েছি।’
নাটোর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ওই জমিকে কেন্দ্র করে যাতে কোনো গোলমাল না হয় সে জন্য সেখানে পুলিশি পাহারা বসানো হয়েছে। রেল কর্তৃপক্ষ কাকে ওই জমি ব্যবহার করতে দেবে, তা তারা ঠিক করবে।
১৫ মার্চ রেলের ভ্রাম্যমাণ আদালত নাটোরে এসে ২৮ নম্বর প্লট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন এবং প্রকৃত মালিক অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনোয়ার হোসেনকে দখল বুঝিয়ে দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় কাউন্সিলর আজিজুল আবার প্লটটি দখল করে নেন।