সেই জয়নালসহ ১১জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক সুবিধা নিয়ে রোহিঙ্গা নারীকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে দেওয়ার অভিযোগে জেলা নির্বাচন কার্যালয়ের আলোচিত অফিস সহায়ক জয়নাল আবেদীনসহ ১১ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে আজ মঙ্গলবার মামলাটি করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী থানা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক নূর আহমেদ, হাটহাজারী নির্বাচন কার্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটর সাইফুদ্দিন, ইসি প্রধান কার্যালয়ের টেকনিক্যাল এক্সপার্ট সত্য সুন্দর দে, চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবসার, একই ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক জন্মনিবন্ধন প্রস্তুতকারী বেলাল উদ্দিন, রোহিঙ্গা লাকি আক্তার ও তাঁর স্বামী নজির আহমদ, দালাল ও লাকীর কথিত পিতা আবদুস সালাম এবং আজিজুর রহমান।

আরও পড়ুন

নুরুল আবছারকে ৫ নম্বর আসামি করা হয়। তাঁর বিরুদ্ধে লাকী নামের ওই রোহিঙ্গা নারীকে জাতীয়তা সনদ ও জন্মনিবন্ধন সনদ দানে সহায়তার অভিযোগ রয়েছে।
এর আগে ২০১৯ সালে একই ধরনের ঘটনায় থানায় হওয়া মামলায় জয়নালসহ কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন। জয়নালের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। নির্বাচন কার্যালয়ের খোয়া যাওয়া ল্যাপটপ ব্যবহার করে তিনি ও তাঁর সহযোগীরা রোহিঙ্গাদের এনআইডি করে দিতেন বলে অভিযোগ।

মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের ২৪ জুলাই রোহিঙ্গা নারী রমজান বিবি ওরফে লাকী মির্জাপুর ইউনিয়ন পরিষদ থেকে জাতীয়তা সনদ পান। পরে লাকী এই সনদ ও ভুয়া এনআইডি ব্যবহার করে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন। তাঁর স্বামী রোহিঙ্গা নাগরিক নজির আহমদ ও তাঁদের মেয়ে জান্নাতুল ফেরদৌস ও জান্নাতুল বাকিয়ার জন্য জন্ম নিবন্ধন সনদের আবেদন করেন ইউনিয়ন পরিষদে। জন্ম নিবন্ধন সনদ নিয়ে এই দুই মেয়েও একইভাবে পাসপোর্টের জন্য আবেদন করেন।

আরও পড়ুন

এজাহারে বলা হয়, রোহিঙ্গা হওয়া সত্ত্বেও হাটহাজারী নির্বাচন কার্যালয় থেকে এনআইডি সার্ভারে লাকীর তথ্য আপলোড করা হয়েছিল। এই ভুয়া এনআইডি তৈরিতে জয়নাল আবেদীন ও ডেটা এন্ট্রি অপারেটর সত্যসুন্দর, সাইফুদ্দিন ও নূর আহম্মদ জড়িত ছিলেন বলে অভিযোগ।

একই প্রক্রিয়ায় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে লাকীর স্বামী নজির আহমদ সৌদি আরব চলে যান। হাটহাজারীর আবদুস সালাম কথিত বাবা সেজে লাকীকে এনআইডি, জাতীয়তা সনদ পেতে সহায়তা করেন। লাকী নামে সালামের একটি মেয়ে ছিলেন। তিনি মারা গেছেন আগে। ওই মৃত মেয়ের নাম ব্যবহার করে রমজান বিবিকে জাতীয়তা সনদ নিয়ে দেন তিনি।

আরও পড়ুন

১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এটা শাস্তিযোগ্য অপরাধ বলে এজাহারে উল্লেখ করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়। এর আগে ৮ জুন ঢাকা দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা করার অনুমোদন দেওয়া হয়।

রোহিঙ্গা নারী লাকী তাঁর ভুয়া এনআইডি নিয়ে স্মার্ট কার্ড উত্তোলনের জন্য ২০১৯ সালের ১৮ আগস্ট চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে যান। লাকীর কথাবার্তায় সন্দেহ হলে জেলা নির্বাচন কর্মকর্তারা হাটহাজারী উপজেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয়, ভোটার হিসেবে নিবন্ধন কিংবা লাকীর নামে এনআইডি ইস্যু করা হয়নি।

আরও পড়ুন

এ ঘটনায় হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছিলেন। ঘটনার পর ঢাকা ও চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। পাশাপাশি কোতোয়ালি থানা-পুলিশও তদন্ত শুরু করে। এতে দেখা যায়, অনেক রোহিঙ্গাই এভাবে ভুয়া এনআইডি করছেন। ওই সময় লাকী, জয়নাল আবেদীন, সত্য সুন্দরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।