সেই ট্রাকে এবার হেরোইন
জব্দ করা একটি ট্রাক প্রায় তিন সপ্তাহ ধরে পড়েছিল নগরের বন্দর থানাধীন দক্ষিণ হালিশহর পুলিশ ফাঁড়িতে। এই ট্রাকের চালকের আসনের নিচ থেকে গতকাল সোমবার এক কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এর আগে র্যাব এই ট্রাকে তল্লাশি চালিয়ে ছয় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছিল।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর) জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, গত ১৮ আগস্ট নগরের সল্টগোলা এলাকায় র্যাবের তল্লাশিচৌকির সদস্যরা একটি ট্রাককে থামতে সংকেত দেন। র্যাব সদস্যদের দেখতে পেয়ে ট্রাক ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে ওই ট্রাকের ভেতর থেকে ছয় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। জব্দ করা ট্রাকটিও থানায় জমা দেওয়া হয়। তিনি বলেন, গতকাল তাঁরা জানতে পারেন ট্রাকের মধ্যে এক কেজি হেরোইন রাখা আছে। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
জানতে চাইলে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সুকৌশলে গাড়ির চালকের আসনের নিচে হেরোইন লুকিয়ে রাখায় সেদিন তল্লাশি চালানো র্যাব সদস্যরা এর খোঁজ পাননি।