সেই তরুণীর মুখে আবারও দাহ্য পদার্থ নিক্ষেপ
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সিলেটে বিউটি পার্লারের কর্মী এক তরুণীর (২২) ওপর দ্বিতীয় দফায় দাহ্য পদার্থ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার রাত নয়টার দিকে নগরের শাহজালাল উপশহর এলাকায় এ ঘটনা ঘটে। ওই তরুণীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রহমানপুর গ্রামের ওই তরুণী নগরে থেকে শাহজালাল উপশহরের একটি বিউটি পার্লারে বিউটিশিয়ান পদে চাকরি করেন। প্রতিদিনের মতো শনিবার রাত পৌনে নয়টায় তিনি কর্মস্থল থেকে বের হন। নয়টার দিকে শাহজালাল উপশহর এলাকায় পৌঁছে তিনি বাসায় ঢুকছিলেন।
এ সময় অন্ধকার একটি স্থানে থাকা এক ব্যক্তি তাঁর মুখে দাহ্য পদার্থ ছুড়ে পালিয়ে যান। পরে ওই তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা তরুণীর মুখে পানি ঢালেন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত এক চিকিৎসক জানান, ওই দাহ্য পদার্থ অ্যাসিড কি না, তা পরীক্ষা করা হচ্ছে। অ্যাসিডে আক্রান্ত রোগীর মতোই ওই তরুণীর চিকিৎসা চলছে।
এর আগে গত ২৭ জুন কর্মস্থল থেকে ফেরার পথে ওই তরুণীর ওপর একইভাবে দাহ্য পদার্থ ছুড়ে মেরেছিল দুর্বৃত্তরা। তরুণীর পরিবারের সদস্যরা ধারণা করছেন, কর্মস্থলকেন্দ্রিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁর ওপর দ্বিতীয় দফায় দাহ্য পদার্থ ছুড়ে মারা হয়েছে। তরুণী জানান, তাঁর সঙ্গে কারও ঝগড়া-বিবাদ নেই। এমনকি পারিবারিকভাবেও তাঁদের কোনো শত্রু নেই। কেন তিনি বারবার একই ঘটনার শিকার হচ্ছেন, তা বুঝতে পারছেন না।
খবর পেয়ে শনিবার রাতেই সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ওই তরুণী তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছেন না। তিনি সুস্থ হলে তাঁর বক্তব্য নিয়ে পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করবে।