সেই নবজাতকের লাশ উত্তোলন
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে খোলা আকাশের নিচে জন্ম নেওয়া ও মারা যাওয়া শিশুটির লাশ গতকাল শনিবার কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা বলেন, নবজাতকটির বাবা ইলিয়াছ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুষমা রানী (৪২) ও চিকিৎসক মোস্তফা আলম আল্লামা তালুকদারের (৪০) বিরুদ্ধে ১ ডিসেম্বর মামলা করেন। এতে অভিযোগ করা হয়, তাঁদের অবহেলার কারণে স্ত্রী মাজেদার সন্তান প্রসব বাধাগ্রস্ত হয় ও পরে নবজাতকটি মারা যায়। মামলার তদন্তের স্বার্থে তিনি লাশের ময়নাতদন্তের জন্য ২ ডিসেম্বর আদালতে আবেদন করেন। অনুমতি সাপেক্ষে গতকাল সকালে শেরপুরের গাড়িদহ গ্রামের কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার নির্বাহী হাকিম তায়েব-উর রহমান আশিক।
পরিবার জানায়, শেরপুরের গাড়িদহ গ্রামের মাজেদা বিবি (৩০) সন্তান প্রসবের জন্য ২৯ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। একপর্যায়ে নার্স সুষমা তঁাকে পাশের ক্লিনিকে ভর্তির জন্য বলেন। রাজি না হওয়ায় রাতে তাঁকে মহিলা ওয়ার্ডের প্রসবকক্ষ থেকে বের করে দেন সুষমা। পরে জরুরি বিভাগের সামনে খোলা আকাশের নিচে সন্তান প্রসব করেন মাজেদা। এ সময় স্বজনেরা চিৎকার করলেও হাসপাতালের কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কিছুক্ষণ পর নবজাতকটি মারা যায়। ৩০ নভেম্বর লাশটি দাফন করা হয়।