সেই নারীকে এবার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার চরকৈলাশ এলাকায় প্রকাশ্যে পিটিয়ে আহত করা নারীকে আবার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ওই ঘটনায় অভিযুক্ত মো. শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নির্যাতিত ওই নারী অভিযোগ করেন, শাহজাহানের পক্ষ হয়ে আজ রোববার বিকেলে আমজাদ হোসেন ও মিরাজ উদ্দিন নামের দুই ব্যক্তি মোবাইলে হুমকি দিয়েছে। ওই নারী বলেন, ‘দুজন বলে, “পুলিশ ও সাংবাদিকেরা কতক্ষণ তোকে পাহারা দিয়ে রাখবে। এখনো সময় আছে এসব বন্ধ কর। না হলে বাড়িঘরও থাকবে না। ” ওই নারী আরও বলেন, আজ ঢাকা মেডিকেল কলেজে গিয়ে প্রাথমিক ব্যবস্থাপত্র নিয়ে এক আত্মীয়ের বাসায় উঠেছেন তিনি। কাল সোমবার তিনি একই হাসপাতালে চিকিৎসকের সঙ্গে দেখা করে মাথা ও চোখের আঘাতের চিকিৎসা নেবেন।
থানা-পুলিশের দাবি আজও উপজেলার বিভিন্ন এলাকায় শাহজাহানকে ধরতে অভিযান চালানো হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ পাওয়া গেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক প্রথম আলোকে বলেন, শাহজাহানকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতায় কোনো ঘাটতি নাই। বিভিন্ন সোর্সের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার সাধ্যমতো চেষ্টা চালানো হচ্ছে। এ নিয়ে তিনিসহ একাধিক পুলিশ কর্মকর্তা মাঠে আলাদা দলে ভাগ হয়ে কাজ করছেন।
এদিকে নির্যাতনের ঘটনার তদন্তে আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজ্যোতি খীসা। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ওই নারীকে চাঁদার জন্য শাহজাহান পিটিয়েছে বলে সত্যতা পাওয়া গেছে। ঘটনার সময় আশপাশে লোকজন থাকলেও তাঁরা শাহজাহানের আক্রমণের শিকার হওয়ার ভয়ে কেউ এগিয়ে যায়নি। নবজ্যোতি খীসা বলেন, অভিযুক্ত শাহজাহান এক সময় হাতিয়া থানায় ‘দালালি’ করত বলেও তথ্য পাওয়া গেছে। তবে বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের পর শাহজাহান থানায় ‘দালালি’ করতে পারে না। কিন্তু আগে যেহেতু সে থানায় ‘দালালি’ করত তাই এলাকার অনেকে তাঁকে ভয় পায়।
প্রসঙ্গত; দাবিকৃত ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে গত ১১ মার্চ চরকৈলাশ এলাকার সড়কের ওপর প্রকাশ্যে এক নারীকে (৩২) পিটিয়ে আহত করে শাহজাহান নামের ওই ব্যক্তি। পিটুনিতে ওই নারী সড়কের পাশের গর্তে পড়ে গেলে সেখানেও তাঁকে পেটানো হয়। এ ঘটনায় স্থানীয় এক যুবকের ধারণ করা ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।