সেই নেতার বিরুদ্ধে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় সংবাদ প্রকাশ করায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃত সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন গত বৃহস্পতিবার দৈনিক যায়যায়দিন–এর উপজেলা সংবাদদাতা মোবারক হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মোবারক হোসেন ওই দিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ওই জিডি সূত্রে জানা গেছে, গত ১০ মে পাশ কাটিয়ে যাওয়ার জন্য জায়গা করে দিতে কিছুটা দেরি করায় রমিজ উদ্দিন অটোরিকশা ভাঙচুর ও সড়কে অটোরিকশার চালকদের মারধর করেন। এ সংবাদ বিভিন্ন দৈনিকে সংবাদ ছাপা হলে জেলা ছাত্রলীগ তাঁকে সাময়িক বহিষ্কার করে ও কারণ দর্শানোর নোটিশ দেয়। এরপর ১০ জুন সিগারেটের দাম চাওয়ায় ছাত্রলীগের ওই নেতা এক দোকানিকে মারধর করেন। এ নিয়েও বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ ছাপা হয়। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে পেশাগত কাজ শেষে মোবারক বাসায় ফিরছিলেন। পথে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে রমিজ তাঁকে গালিগালাজ করেন। এরপর উপস্থিত লোকজনের সামনে তিনি মোবারককে হত্যার হুমকি দেন।
তবে অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন বলেন, মোবারককে হত্যার হুমকি দেওয়া হয়নি। ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের কারণ তাঁর কাছে জানতে চাওয়া হয়।
সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।