সেই পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে পদোন্নতি ও সুবিধা নেওয়া পাঁচ সচিবের সনদ বাতিলের সুপারিশ করে জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে এ নোটিশ পাঠানো হয়।
ওই পাঁচ সচিব হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার, পাবলিক সার্ভিস কমিশনের সচিব এ কে এম আমির হোসেন, স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিয়া ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান।
দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নোটিশ অনুযায়ী পাঁচ সচিবের মুক্তিযোদ্ধার গেজেট বাতিল, সনদ বাতিল, অসদাচরণের দায়ে এবং মিথ্যা তথ্য দিয়ে সনদ সংগ্রহের জন্য তাঁদের বিরুদ্ধে দুই মন্ত্রণালয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে পারে।
দুদকের সচিব মাকসুদুল হাসান খানের সই করা ওই নোটিশে পাঁচ সচিবের বিরুদ্ধে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ২০০২ এর ৭(ঝ) ধারায় সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে।