সেই প্রকল্পের কাজ শুরু, এবার সড়কের প্রস্থ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের একটি প্রকল্পের কাজ না করে অর্ধ কোটি টাকা তুলে নেয় ঠিকাদার। করপোরেশনের প্রকৌশলীদের যোগসাজশে ওই টাকা তোলার অভিযোগ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এখন এর কাজ শুরু হলেও এবার সড়কের প্রশস্ততা কমানোর অভিযোগ পাওয়া গেছে।
সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান ওই প্রকল্পের কাজ গত শনিবার শুরু করে নূসরাত বিল্ডার্স।
ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, চার মাস আগে মাত্র পাঁচ লাখ টাকার কাজ করে কাজ বন্ধ করে দেয় তারা। এরপর প্রায় ৫০ লাখ টাকা তোলার জন্য সিটি করপোরেশনে আবেদন করা হয়। ১০ আগস্ট প্রকৌশল বিভাগ থেকে অর্থ ছাড়ের অনুমতি দেওয়া হয়। অনুমতি পেয়ে নূসরাত বিল্ডার্স ওই অর্থ তোলে। এত অল্প কাজ করে বেশি পরিমাণ টাকা তোলা নিয়মবহির্ভূত।
এবার অভিযোগ উঠেছে সড়কের প্রশস্ততা নিয়ে। কার্যাদেশ অনুযায়ী ২০ ফুট চওড়া সড়ক নির্মাণের কথা থাকলেও এখন তা কমিয়ে ১৭ ফুট করা হয়েছে।
৭ নম্বর ওয়ার্ড কাউন্সির সৈয়দ আকবার হোসেন বলেন, ২০ ফুট সড়ক প্রশস্ত করা হলে অনেকের ভবন ভাঙতে হয়। সে জন্য কমিয়ে ১৭ ফুট করা হয়েছে। সিটি করপোরেশনের প্রকৌশলীদের উপস্থিতিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনুর বেগম বলেন, ২০ ফুট প্রশস্ত করার কথা ছিল। এ ব্যাপারে এলাকাবাসীর সঙ্গে দুই দফা বৈঠক হয়েছে। তবে প্রশস্ততা কমানো হয়েছে কি না তা আমি জানি না।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, ‘আমরা চাই দ্রুত ওই প্রকল্পের কাজ শেষ করতে। সেভাবেই ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’ সড়ক প্রশস্ততা কমানোর বিষয়ে তিনি বলেন, মাত্র এক ফুট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কমানো হয়েছে।