সেই প্রধান শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ
বছরের প্রথম দিন বই না দেওয়ার অভিযোগে রাজশাহী নগরের একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে চিঠি দিয়েছেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন।
ওই চিঠিতে বলা হয়েছে, নগরের শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বছরের প্রথম দিন সরকারের বিনা মূল্যের বই দেওয়া হয়নি। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারের নির্দেশ ও নীতি লঙ্ঘন করে সরকারের সিদ্ধান্তবিরোধী কাজ করেছেন। এ কারণে জরুরি ভিত্তিতে বৃহস্পতিবারের (আজ) মধ্যে পরিচালনা কমিটি সভা করে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে তা সাংসদ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল প্রথম আলোয় ‘বর্ধিত ফি না দেওয়ায় বই উৎসব থেকে বঞ্চিত’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি ফি এবার গতবারের চেয়ে এক হাজার টাকারও বেশি বাড়ানো হয়েছিল। মাসিক বেতন প্রায় দ্বিগুণ করা হয়। বর্ধিত ফি দিয়ে ভর্তি না হওয়ার কারণে শিক্ষার্থীদের বই দেওয়া হয়নি বলে অভিভাবকদের অভিযোগ। গত মঙ্গলবার প্রায় হাজার খানেক অভিভাবক এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বই দেওয়ার দাবিতে বিদ্যালয়ে এসে বিক্ষোভ করেন। পরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির হস্তক্ষেপে বর্ধিত ফি প্রত্যাহার করা হয় এবং প্রায় ৮০০ শিক্ষার্থীকে বই দেওয়া হয়।
বছরের প্রথম দিন বিদ্যালয় কর্তৃপক্ষ অতিথি ডেকে ১ হাজার ৮০০ শিক্ষার্থীর মধ্যে মাত্র ১৫ জনকে বই দিয়ে বাকি শিক্ষার্থীদের ফিরিয়ে দেন। তাদের ভর্তির সময় বই দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন আক্তার রেনী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সাংসদের চিঠি পেয়ে আজ (বুধবার) সন্ধ্যায় পরিচালনা কমিটির সভা ডাকা হয়। সেখানে প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।