সেই বখাটের বিরুদ্ধে মামলা, বাবা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করার ঘটনায় বখাটে সবুজ হাওলাদার (১৮) ও তাঁর বাবা কালাম হাওলাদারের (৫৫) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে গত বুধবার রাতে থানায় মামলাটি করেন। এ ঘটনায় পুলিশ কালাম হাওলাদারকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
৪ নভেম্বর প্রথম আলোয় ‘বখাটের ভয়ে মেয়েটির বিদ্যালয় যাওয়া বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ব্র্যাকের পিরোজপুর কার্যালয়ের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মাসুদ রেজা মেয়েটির বাড়ি যান। পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এরপর ব্র্যাক কর্মকর্তাদের সহযোগিতায় থানায় মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস জানান, সবুজকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।