সেই বন্দুকধারী চাঁদাবাজিতে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি এভাবে প্রকাশ্যে বন্দুক নিয়ে মহড়া দেন পীযূষ কান্তি দে l ফাইল ছবি
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি এভাবে প্রকাশ্যে বন্দুক নিয়ে মহড়া দেন পীযূষ কান্তি দে l ফাইল ছবি

প্রকাশ্যে বন্দুক নিয়ে সশস্ত্র মহড়া দিয়ে আলোচিত হওয়া সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পীযূষ কান্তি দে চাঁদাবাজিতে ধরা পড়েছে। গত রোববার রাতে নগরের তালতলা এলাকার একটি আবাসিক হোটেলে ঢুকে চাঁদা না পেয়ে কক্ষ দখল করে রাখায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাতে পীযূষের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে পৃথক তিনটি মামলা হলে তাকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তালতলার হোটেল ইস্ট এন্ড নামের আবাসিক হোটেলে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে পীযূষ। টাকা না দেওয়ায় সে হোটেলে অবস্থান করছে জানিয়ে তালা ভেঙে একটি কক্ষে বসে পড়ে। টাকা দিলে পরে ওই কক্ষ ছাড়বে বলে হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানালে রাত সাড়ে ১০টার দিকে ওই কক্ষ থেকে পীযূষকে আটক করা হয়। পরে থানায় নিয়ে এলে তার বিরুদ্ধে ওই হোটেলসহ আরও দুটি হোটেল কর্তৃপক্ষ পীযূষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করে। তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলে পাঠানো হয়।
হোটেল ইস্ট এন্ডের একজন ব্যবস্থাপক জানান, প্রায় এক সপ্তাহ ধরে পীযূষের নেতৃত্বে ১০-১২ জন হোটেলের অভ্যর্থনা কক্ষে বসে আড্ডা দেয়। গত রোববার রাতে এসে পীযূষ এক লাখ টাকা চায়। টাকা না দেওয়া পর্যন্ত ১০৫ নম্বর কক্ষে অবস্থান করছে জানিয়ে তালা ভেঙে কক্ষটিতে ঢোকে সে। পরে পুলিশ তাকে ওই কক্ষ থেকে আটক করে।
পুলিশ ও দলীয় লোকজন জানান, মদনমোহন কলেজ শাখা ছাত্রলীগ থেকে পীযূষ ২০০৩ সালে মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে। এরপর কমিটি পুনর্গঠন হলেও পীযূষ তার পক্ষের কিছু কর্মী নিয়ে ছাত্রলীগের নামে দখলবাজি ও চাঁদাবাজি শুরু করে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সে বিদেশে চলে যায়। আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে ২০১০ সালের দিকে সে দেশে ফেরে।
মহানগর ছাত্রলীগে কোনো পদ না থাকলেও দলে প্রভাব বিস্তার করে থাকে পীযূষ। তার বিরুদ্ধে জায়গা দখল, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ‘তৌহিদি জনতা’র ব্যানারে একদল উচ্ছৃঙ্খল লোক ভাঙচুর করলে পীযূষ তার দল নিয়ে প্রকাশ্যে বন্দুক ও রামদা উঁচিয়ে তালতলা এলাকায় সশস্ত্র মহড়া দিয়ে আলোচিত হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে তিনটি মামলা হয়েছে। তবে তার চাঁদাবাজির ঘটনা তদন্তকালে পুলিশ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের বিষয়টিও তদন্ত করে দেখবে।