সেই বরখাস্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান আনিছুর রহমান সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। রংপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতে গত বুধবার মামলাটি করেন ওই ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানুর আলম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগ থেকে রায়পুর ইউনিয়নের জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য ২০১৫-১৬ অর্থবছরে এলজিএসপি-২ প্রকল্পের প্রথম কিস্তির বরাদ্দের ৬ লাখ ৬ হাজার ৮৭৫ টাকায় ইউনিয়নে ছয়টি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়। এ ছাড়া ওই প্রকল্পের অধীনে দ্বিতীয় কিস্তির বরাদ্দের ৯ লাখ ৮৯ হাজার ৫২৩ টাকায় ইউনিয়নে উন্নয়নমূলক আরও ১০টি প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান প্রথম ও দ্বিতীয় কিস্তির বরাদ্দের ওই ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৮ টাকা স্থানীয় সোনালী ব্যাংক শাখা থেকে উত্তোলনের পর কোনো কাজ না করে তা আত্মসাৎ করেন।
এর আগে তদন্তে আনিছুর রহমানের বিরুদ্ধে ওই প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে মামলার বাদী শাহানুর আলম বলেন, ‘ইউনিয়নের উন্নয়নে সরকারের দেওয়া বরাদ্দের সমুদয় টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আনিছুরের বিরুদ্ধে আদালতে ওই মামলা করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে আনিছুর বলেন, ‘টাকা আত্মসাৎ করিনি। প্রকল্পের কাজ করেছি। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে।’