সেই বাসায় মিলল তাজা ১৯টি গ্রেনেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা তানভীর কাদরী ও মা আবেদাতুল ফাতেমার যমজ ছেলের একজন আফিফ কাদরী। আশকোনার সূর্য ভিলার নিচতলায় গতকাল ১৪ বছরের কিশোর আফিফের লাশ। জঙ্গিবাদে জড়িয়ে বাবা তানভীর আত্মঘাতী হয়েছিলেন। মা ও অপর ভাই কারাগারে l ছবি: সংগৃহীত
বাবা তানভীর কাদরী ও মা আবেদাতুল ফাতেমার যমজ ছেলের একজন আফিফ কাদরী। আশকোনার সূর্য ভিলার নিচতলায় গতকাল ১৪ বছরের কিশোর আফিফের লাশ। জঙ্গিবাদে জড়িয়ে বাবা তানভীর আত্মঘাতী হয়েছিলেন। মা ও অপর ভাই কারাগারে l ছবি: সংগৃহীত

আশকোনার জঙ্গি আস্তানা থেকে পুলিশ মোট ১৯টি তাজা গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। এ ছাড়া তিনটি পিস্তল ও দুটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর প্রস্তুতি ছিল জঙ্গিদের।
এদিকে পুলিশের অভিযানে নিহত কিশোরের লাশ এক দিন পর গতকাল রোববার সন্ধ্যায় উদ্ধার করা হয়। গত শুক্রবার মধ্যরাত থেকে আশকোনার পূর্বপাড়ার সূর্য ভিলায় জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। তবে সেখানে অস্ত্র, বিস্ফোরক ও গ্রেনেড উদ্ধারের কার্যক্রম চালায় পুলিশ।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মূল রাস্তা থেকে বাড়িটিতে যাওয়ার গলিপথ পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। গণমাধ্যমকর্মী বা সাধারণ মানুষকে সেখান দিয়ে যাতায়াত করতে দেওয়া হয়নি। অতি জরুরি কাজ ছাড়া গলির অন্যান্য বাড়ির বাসিন্দাদেরও চলাচল করতে দেওয়া হয়নি।

সূর্য ভিলার নিচতলার জঙ্গি আস্তানাটিতে মোট তিনটি কক্ষ। পুলিশ শনিবারই দুটি কক্ষে ঢোকে। তৃতীয় কক্ষটিতে কাঁদানে গ্যাস ও গ্রেনেডের ঝাঁজ পুঞ্জীভূত থাকায় পুলিশ ওই কক্ষে ঢুকতে পারেনি।
গতকাল সকাল থেকে বাড়িটিতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা তৃতীয় কক্ষটি থেকে যন্ত্রের সাহায্যে জমে থাকা গ্যাস বের করেন। উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অভিযান চলাকালে ছোড়া কাঁদানে গ্যাস ও গ্রেনেড বিস্ফোরণের ঝাঁজ ঘরটিতে জমে ছিল। যন্ত্রের সাহায্যে ওই গ্যাস তাঁরা বের করেন।


তৃতীয় কক্ষে অভিযান চালানোর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তৃতীয় কক্ষে তাঁরা বাইরে থেকে পাঁচটি গ্রেনেড দেখতে পেয়েছেন। এর মধ্যে দুটির পিন খোলা রয়েছে। খাটের পাশে একটি গ্রেনেড আছে। আরেকটি রয়েছে ড্রেসিং টেবিলের ওপর। তিনি বলেন, জানালা দিয়ে দেখা গেছে, ওই কক্ষের দরজা দিয়ে ঢুকলে হাতের বাঁ পাশে একটি সুইসাইডাল ভেস্ট (কাপড়ে সেলাই করা বিস্ফোরকভর্তি কোমরবন্ধনী) পড়ে আছে। আরেকটি পড়ে আছে কিশোরের লাশের পাশে। রান্নাঘরের তাকের ওপরও একটি গ্রেনেড দেখা গেছে। খুব সতর্কতার সঙ্গে তাঁরা কাজ করছেন। বাসার ওই ঘর অনেকটা মৃত্যুফাঁদের মতো হয়ে রয়েছে।


দুপুর সোয়া ১২টায় ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। বেলা পৌনে তিনটা থেকে বোমা নিষ্ক্রিয় করার শব্দ শুরু হয়। থেমে থেমে ৫টা ১২ মিনিট পর্যন্ত এই শব্দ শোনা যায়।

সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, সারা দিনে পুলিশ ওই বাসায় থাকা ১৭টি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে। আগের দিন আত্মঘাতী নারীর সুইসাইডাল ভেস্টে থাকা দুটি গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছিল। তিনি বলেন, ঘরের ভেতরে থাকা দুটি সুইসাইডাল ভেস্টের একটিতে ছয়টি এবং অন্যটিতে চারটি গ্রেনেড ছিল। আর সাতটি গ্রেনেড বিক্ষিপ্তভাবে পড়ে ছিল। এ ছাড়া আত্মঘাতী জঙ্গি নারী অন্তত তিন-চারটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছিলেন।

রাজধানীর আশকোনার ‘সূর্য ভিলা’ নামক বাড়িতে ঢোকার আগে গতকাল ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের দিন শনিবার অভিযানের সময় বিশেষ ধরনের গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছিল। গতকাল ফায়ার সার্ভিসের সদস্যরা ছাদে পাইপ বসিয়ে সেই গ্যাস অপসারণ করেন l ছবি: প্রথম আলো
রাজধানীর আশকোনার ‘সূর্য ভিলা’ নামক বাড়িতে ঢোকার আগে গতকাল ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের দিন শনিবার অভিযানের সময় বিশেষ ধরনের গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছিল। গতকাল ফায়ার সার্ভিসের সদস্যরা ছাদে পাইপ বসিয়ে সেই গ্যাস অপসারণ করেন l ছবি: প্রথম আলো

মনিরুল ইসলাম বলেন, বাসাটি থেকে গ্রেনেড তৈরির জন্য বিস্ফোরক ছাড়া অন্য যেসব উপাদান লাগে, যেমন কনটেইনার ও স্প্লিন্টার, এ রকম বেশ কিছু উপাদান পাওয়া গেছে। জঙ্গিরা বেশ কিছু কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল ফোন ও প্রায় ১২ লাখ টাকা পুড়িয়ে নষ্ট করেছে। তিনি বলেন, যে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে, তার হাতে একটি নাইন এমএম পিস্তল ছিল। পাশে আরও একটি একই ধরনের অস্ত্র পড়ে ছিল। ওই পিস্তলের সঙ্গে দুটি ম্যাগাজিন পড়ে ছিল। এ ছাড়া শনিবার আত্মসমর্পণকারীরা একটি পিস্তল জমা দিয়েছিল। তিনি বলেন, ঘরে থেকে উদ্ধার করা লাশটি আফিফ কাদরীর। সে আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদরীর যমজ দুই ছেলের একজন। তানভীরের যে ছেলেটি কথিত হিজরত করেছিল, সেই এই আস্তানায় নিহত হয়েছে। তানভীরের গ্রেপ্তার হওয়া স্ত্রী ও ছেলে জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, মুসাই আফিফকে হিজরতে নিয়ে গিয়েছিলেন। আফিফকে তাঁরা আদর নামে চিনতেন। লক্ষণ দেখে বোঝা গেছে, আদর শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিবাদ করেছে। তার হাতে যে পিস্তল ছিল, সেটি দিয়েও সে আত্মহত্যা করে থাকতে পারে বা পুলিশের প্রতিবাদের কারণেও ঘটনার সময় নিহত হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত শেষে বিষয়টি জানা যাবে।


মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য উদ্ধার হওয়া লাশ আজই (গতকাল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় রাতেই দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার কথা জানান তিনি। জঙ্গিদের বড় ধরনের কোনো হামলার পরিকল্পনা ছিল কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত, আত্মসমর্পণকৃত বা যারা আমাদের হেফাজতে আছে, তাদের জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য সময়ের যে ট্রেন্ড, সেটি অ্যানালাইসিস করে, পাশাপাশি এখানে যেসব ম্যাটেরিয়ালস পাওয়া গেল, তাতে আমরা বুঝতে পারছি, তারা কোনো একটি ঘটনা ঘটানোর জন্যই এত বিপুলসংখ্যক অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল। সে ক্ষেত্রে আমাদের ধারণা, যে মহিলা মারা গেছে তাকে এবং তার কন্যাকেই হয়তোবা আত্মঘাতী কোনো হামলার জন্য ব্যবহার করে থাকতে পারত। বড়দিন বা থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে হয়তো তারা কোনো পরিকল্পনা করছিল।’


ব্রিফিং শেষে আত্মঘাতী নারীর বোমা বিস্ফোরণ ঘটানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ওই নারী যখন বোমার বিস্ফোরণ ঘটাচ্ছিলেন তখন পুলিশও তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।

শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়ে ১৬ ঘণ্টা ধরে ওই বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশ। ‘অপারেশন রিপল ২৪’ নামে ওই অভিযানে নিহত হন দুই ‘জঙ্গি’। তাঁদের মধ্যে এক নারী ‘জঙ্গি’ আত্মঘাতী হন। আত্মসমর্পণ করেন দুই শিশুসহ দুই নারী। আহত এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আত্মঘাতী নারী জঙ্গির লাশের ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, মৃতদেহে বিস্ফোরিত বোমার অংশ পাওয়া গেছে। তাঁর পেট থেকে নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। মরদেহ থেকে ১০টি স্প্লিন্টার উদ্ধার হয়েছে। ওই নারীর পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ থেকে নমুনা মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারেও পাঠানো হয়েছে। আত্মঘাতী ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।

সূর্য ভিলা সদর দপ্তর: সূর্য ভিলায় ইমতিয়াজ আহমেদ পরিচয়ে আসলে মঈনুল ওরফে মুসাই বাসা ভাড়া নিয়েছিলেন। তবে সেখানে তিনি থাকতেন না। মাঝেমধ্যে আসতেন। পুলিশ ধারণা করছে, সূর্য ভিলায় জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। এখানে বেশ কয়েকজন ব্যক্তির আসা-যাওয়া ছিল। কারা এখানে আসা-যাওয়া করতেন, তার খোঁজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিন নারী ও তাঁদের শিশুসন্তানেরা। এর বাইরে থাকত তানভীর কাদরীর এক ছেলে আফিফ। পুলিশ বলেছে, প্রথমে আজিমপুরে দুই ছেলেকে নিয়ে উঠলেও ছেলেদের চেহারা একই রকম হওয়ায় তাঁরা চিহ্নিত হয়ে যেতে পারেন, এই আশঙ্কায় ছেলেকে মঈনুল ওরফে মুসার জিম্মায় পাঠানো হয়।

সূর্য ভিলায় অভিযানে পুলিশের অনুরোধে মঈনুল ওরফে মুসার স্ত্রী তৃষ্ণা তাঁর কয়েক মাস বয়সী শিশুকে নিয়ে আত্মসমর্পণ করেন।

জেবুন্নাহার শিলার সঙ্গে পরিবারের দেখা হলো: গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে জেবুন্নাহার শিলার মা-বাবা ও সাত বছরের মেয়ে যায়। মেয়েটি মাকে জড়িয়ে ধরে। সে বারবার মা ও ছোট বোনকে নিয়ে বাড়ি যেতে চাইছিল। জেবুন্নাহারের মা জোহরা আক্তার প্রথম আলোকে বলেন, আজিমপুরের অভিযানের পর পুলিশ এই নাতনিকে তাঁদের কাছে হস্তান্তর করে। মেয়েটি প্রায় রাতেই মা ও ছোট বোনের জন্য কাঁদত।